২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেসকে ঠেকানোর পথ খুঁজছে ইতালি

জয় দিয়ে শুরু করলেও কোস্টা রিকার কাছে হেরে অস্বস্তিতে রয়েছে ইতালি। উরুগুয়ের কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলে টানা দ্বিতীয়বারের মতো প্রথম পর্ব থেকে বিদায় নিতে হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই প্রতিপক্ষের সেরা অস্ত্র সুয়ারেসকে ঠেকানোর উপায় খুঁজছে 'আজ্জুরি'রা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 04:39 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

লুইস সুয়ারেস, এদিনসন কাভনির উপস্থিতিতে উরুগুয়ের আক্রমণভাগকে সমীহ করছে ইতালি। চোট থেকে ফিরে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে দলকে বিশ্বকাপে টিকিয়ে রাখা সুয়ারেসকেই মূল বাধা মানছেন ইতালির অধিনায়ক জানলুইজি বুফ্ফন।

রোববার ইতালির গোলরক্ষক বলেন, "ওদের আক্রমণভাগ খুব শক্তিশালী। উরুগুয়ে ও নিজেদের ক্লাবে সুনাম অর্জন করেছেন।"

প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদেরকেই এগিয়ে রাখছেন বুফ্ফন। "যখন আমরা কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করি তখনই আমরা সবচেয়ে ভালো প্রতিক্রিয়া দেখায়।"

২০১০ সালে শিরোপা ধরে রাখার মিশনে এসে গ্রুপ পর্বই পেরুতে পারেনি ইতালি। এর আগে ১৯৫৪ সালেও একই অভিজ্ঞতা হয়েছিল ফুটবলের অন্যতম সফল দেশটির।

মঙ্গলবার নাতালে উরুগুয়ের মুখোমুখি হবে ইতালি।

'ডি' গ্রুপ থেকে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কোস্টা রিকা। বিদায় নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

কোস্টা রিকার কাছে হারা ইতালি ও উরুগুয়ে জিতেছে ইংল্যান্ডের সঙ্গে। গোল পার্থক্যে ইতালি এগিয়ে থাকায় শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই গতবারের সেমি-ফাইনালিস্ট উরুগুয়ের।