২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকপ্রস্ত মেসি বন্দনা

এক ম্যাচ হাতে রেখে আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে তুলে দেয়া গোলটি করার পর মেসিকে নিয়ে বন্দনায় মেতেছেন তার কোচ ও সতীর্থরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 05:40 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

আর্জেন্টিনা দলে একজন লিওনেল মেসি আছেন বলেই শেষ পর্যন্ত তাদের ঠেকিয়ে রাখতে পারলো না ইরান। পারস্য-প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনাকে মূল্যবান জয় এনে দেয়ার পর তাই শুরু হয়েছে আরেক প্রস্ত মেসি-বন্দনা।

এক ম্যাচ হাতে রেখে আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে তুলে দেয়া গোলটি করার পর মেসির প্রশংসায় মেতেছেন তার কোচ ও সতীর্থরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রতিপক্ষ ইরানের কোচ কার্লোস কেইরোসও।  

‌‌‌‌‌‌‌‌‌‌‌শনিবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওতে 'ইনজুরি' সময়ে মেসির বাঁ পায়ের জাদুকরী শটে জয় পায় আর্জেন্টিনা। এর পর হাঁফ ছেড়ে বাঁচা কোচ আলেহান্দ্রো সাবেইয়া বহু চর্চিত সেই প্রশংসা-বাক্য দিয়েই মেসি-বন্দনা শুরু করেন, "মেসি থাকলে যে কোনো কিছুই সম্ভব।"

শনিবার আর্জেন্টিনাকে নির্ধারিত ৯০ মিনিটই আটকে রেখেছিল ইরানের রক্ষণ। মেসিও জ্বলে উঠতে পারেননি। আর্জেন্টিনা শিবিরে হতাশার বাতাসই বইছিল। এমন সময়েই মেসি দেখালেন তার জাদু। অসাধারণ শটে ভেঙে দিলেন ইরানের গড়া প্রতিরোধ। মান বাঁচানো শটটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত আর্জেন্টিনার কোচ। মেসির 'প্রশংসার অভিধানে' তিনি যোগ করলেন নতুন একটি বাক্য।

"লিওনেলের এই শট দুজন গোলরক্ষক মিলেও ঠেকাতে পারত না।"

শনিবার আর্জেন্টিনা মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানের জন্য বিশেষ এক উপলক্ষ ছিল। ইরানের বিপক্ষে তার ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে শততম। বিশেষ এই মাইলফলককে মেসি জয়ের রঙে রাঙিয়ে দেয়ায় দারুণ খুশি মাসচেরানো।

"এই হচ্ছে মেসি। যেদিন সে তার ঝলকের পুরোটা দেখাতে পারবে না, সেদিন একটি মুভেই জয় এনে দেবে।"

ম্যাচ শেষে ইরানের কোচ কেইরোসও তাদের হেরে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন মেসির মুহূর্তের ওই জ্বলে ওঠাকেই।