২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোভিয়েত নয় রাশিয়াকে পছন্দ বেলজিয়ামের

বেলজিয়ামের বিপক্ষে আটবারের মুখোমুখি লড়াইয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে রাশিয়া। বিশ্বকাপে চারবারের দেখায়, দুটি দলই দুইবার করে জিতেছে। বিশ্বকাপে যে দুইবার বেলজিয়াম হেরেছে তা সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। রোববার বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে মাঠে নামার আগে বেলজিয়ামের সামনে তাই রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখার লক্ষ্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 04:38 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

‘এইচ’ গ্রুপে বেলজিয়াম ও রাশিয়া ম্যাচের আরো কিছু  তথ্য:

স্টেডিয়াম: মারাকানা স্টেডিয়াম, রিও দে জেনেইরো

ধারণক্ষমতা: ৭৪ হাজার ৭৩৮

ম্যাচ শুরু: রোববার রাত ১০টা (বাংলাদেশ সময়)

# ২০০২ সালের পর প্রথমবারের মতে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেললেও ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও স্পেনের পর বাজিকরদের পঞ্চম ফেভারিট হিসেবে ব্রাজিলে এসেছে বেলজিয়াম।

# বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে নিজেদের গ্রুপে সেরা হয়েছিল বেলজিয়াম- ১০ ম্যাচের আটটিতে জেতা ও ২টিতে ড্র করা বেলজিয়ামের পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়ার চেয়ে ৯ পয়েন্ট বেশি ছিল।

# সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়া মাত্র দুইবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছে। ১৯৯৪ ও ২০০২ সালের ওই দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা।

# পর্তুগালকে পেছনে ফেলে বাছাইপর্বের গ্রুপ সেরা হতে ১০ ম্যাচের ৭টিতে জিতেছিল রাশিয়া।

# সোভিয়েত ইউনিয়নসহ এই দুটি দলের মোট আটবারের মুখোমুখি লড়াইয়ে রাশিয়া জিতেছে ৪ বার, বেলজিয়াম জিতেছে ৩ বার, অন্য ম্যাচটি ড্র।

# বিশ্বকাপে পঞ্চমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে তারা, দুটি দলই দুইবার করে জিতেছে। প্রথম দুটি ম্যাচ জিতেছিল রাশিয়া (সোভিয়েত ইউনিয়ন), ১৯৭০ সালে গ্রুপ পর্বে ৪-১ গোলে আর ১৯৮২ সালে দ্বিতীয় রাউন্ডে ১-০ ব্যবধানে। বেলজিয়াম জিতেছে পরের দুটি ম্যাচ, ১৯৮৬ সালের সেরা ষোলোতে অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে আর ২০০২ সালের প্রথম রাউন্ডে ৩-২ গোলে।    

# পাঁচ গোল করে বিশ্বকাপে বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা দলটির বর্তমান কোচ মার্ক উইলমটস। সাবেক এই মিডফিল্ডারের শেষ গোলটিও ২০০২ সালের বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষেই ওই ৩-২ গোলে জেতা ম্যাচে।