২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ জাপান কোচ

গ্রিসের বিপক্ষে ম্যাচের অর্ধেকেরও বেশি সময় ১০ জনের প্রতিপক্ষ পেয়েও জিততে না পারার পেছনে নিজেদের ধীরগতির খেলা ও পরিকল্পনার ঘাটতিকেই দায়ী করলেন জাপানের কোচ আলবের্তো জাক্কেরোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 09:21 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

একজন বেশি নিয়ে খেলেও জিততে না পারায় হতাশ কোচ জাক্কেরোনি মাঠে নিজেদের দুর্বলতা প্রসঙ্গে বলেন, “আমরা খুবই ধীর গতিতে খেলেছি। (আমাদের খেলায়) খুব বেশি গতি ছিল না, খুব বেশি গভীরতাও ছিল না।”

প্রথমার্ধের শেষ দিকে গ্রিসের অধিনায়ক কোস্তাস কাতসুরানিস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে বাড়তি এই সুবিধা পায় এশিয়ার দলটি।

মাঠে জাপানের খেলোয়াড়দের একে অপরের মধ্যে জায়গা কম ছিল, যা খেলার গতি বাড়াতে সমস্যার সৃষ্টি করেছে বলে মনে করে কোচ জাক্কেরোনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইতালির এই কোচ জানান, ওই সমস্যার সমাধানে খেলায় আরো গতির দরকার ছিল এবং নিজেদের মধ্যে আরো পাস দেয়া নেয়ার প্রয়োজন ছিল।   

বৃহস্পতিবার নাতালের স্তাদিও দাস দুনাসে শুরুটা দারুণ করে জাপান। আক্রমণাত্মক খেলে প্রথমার্ধের প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখে তারা। দ্বিতীয়ার্ধে শুরুতে গ্রিকরা পাল্টা আক্রমণে গেলেও মাঠের দখল ঠিকই ধরে রাখে জাপান। কিন্তু গোলের দেখা না পাওয়ায় ড্রয়ের সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

টানা দ্বিতীয় ম্যাচে জয়শূন্য থাকার পরও নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও আছে জাপানের। তবে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে শেষ ম্যাচে বড় ব্যবধানে শুধু জিতলেই হবে না তাদের, নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের উপরও।

আগামী মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে জাপান।