২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরুন-ক্রোয়েশিয়ার অভিন্ন চ্যালেঞ্জ

বতর্মান বিবর্ণ হলে ভরসা সেই সোনালী অতীত - ক্রোয়েশিয়া-ক্যামেরুন দল দুটির ক্ষেত্রে যা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার ভোর চারটায় মানাউসে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

এই দুই দলের পেছনে কেবল চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের দগদগে ক্ষতটাই নেই। পিছু টেনে ধরে সাম্প্রতিক সময়ের ব্যর্থতাও। মুখোমুখি লড়াইয়ে জিতে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখাটা তাই সহজ নয় কারো জন্যই; না ক্রোয়েশিয়া, না ক্যামেরুন!

সোনালী অতীতে ক্যামেরুনের সবচেয়ে বড় অর্জন ১৯৯০ সালে। যেবার প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েছিল। তরতর করে উঠে গিয়েছিল কোয়ার্টার-ফাইনালে। সেই ‘অদম্য সিংহ’ অনেক দিন ধরেই আর গর্জে ওঠে না। সেই যে ২০০২ বিশ্বকাপে সৌদি আরবকে ১-০ ব্যবধানে হারিয়েছিল, এরপর থেকে বিশ্বমঞ্চে জয় নেই তাদের।

ক্রোয়েশিয়ার রেকর্ডও-বা এর চেয়ে ভালো কিসে! ১৯৯৮ সালে অভিষেকে সেমি-ফাইনালে উঠে চমকে দিয়েছিল তারা ফুটবলবিশ্বকে। চমকের শেষ ওখানেই। কেননা পরের দুই আসরে প্রথম রাউন্ডের গতি পেরোতে পারেনি তারা। আর ২০১০ বিশ্বকাপে তো আরেক ধাপ পিছিয়ে বাছাইপর্বেই আটকে যায় ক্রোয়াট-অভিযান। সোনালী অতীতের স্মৃতিতে জাবর কাটা ছাড়া আর কী-ই করার আছে তাদের।

বিবর্ণ বর্তমানের ধারাবাহিকতায় চলতি বিশ্বকাপের শুরুটাও দল দুটির হয়েছে হার দিয়ে। ব্রাজিলের কাছে ১-৩ গোলে হেরেছে ক্রোয়েশিয়া আর মেক্সিকোর কাছে ০-১ ব্যবধানে ক্যামেরুন। মানাউসের দ্বৈরথ তাই দুই দলের সামনে নিয়ে এসেছে অভিন্ন চ্যালেঞ্জ, জয় দিয়ে নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন টিকিয়ে থাকা।

তবে এই দ্বৈরথের আগে ক্যামেরুন ক্যাম্পে ভীষণ দুঃসংবাদ হয়ে এসেছে স্যামুয়েল এতোর ইনজুরির। যে কারণে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মাঠে নামতে পারছেন না। ব্রাজিলের বিপক্ষে পরাজয়ের ম্যাচে ব্যথা পেয়েছিলেন ক্রোয়েশিয়ার সেরা খেলোয়াড় লুকা মদরিচও। তবে তার খেলার ব্যাপার আশাবাদী ক্রোয়াট-ক্যাম্প। আর নিষেধাজ্ঞা কাটিয়ে স্ট্রাইকার মারিও মানজুকিচ তো ফিরছেনই। প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর এসব বিষয় আশার আলো দেখাচ্ছে ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচকে।

‘মদরিচ ধীরে ধীরে সেরে উঠছে। ক্যামেরুনের বিপক্ষে ওকে আমরা পাব বলে আশা করছি। আর মাজুকিচের ফেরাটা হবে আমাদের জন্য সত্যিকারের বোনাস। ওর উপস্থিতি আমাদের সাহায্য করবে আর ক্যামেরুনকে ভড়কে দেবে।’

দলের সেরা ফরোয়ার্ড ফেরায় ক্যামেরুনের বিপক্ষে আরো আক্রমণাত্মক খেলার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি, ‘ব্রাজিলের বিপক্ষে আক্রমণে যাওয়াটা কঠিন। কিন্তু ক্যামেরুনের বিপক্ষে ভিন্ন ম্যাচের আশা করছি। আরো বেশি পজেশন নিয়ে আরো আক্রমণে যাব।’

ক্যামেরুনের কোচ ফলকার ফিনকে সমীহ করছেন প্রতিপক্ষকে, ‘ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা খেলে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের মতো দলে। সন্দেহ নেই যে, তারা ভালো দল।’ তারপরও অবশ্য জয়ের আশা ছাড়ছেন না তিনি, ‘ওদের অবস্থা আমাদের মতোই। আর প্রথম ম্যাচ যখন আপনি হারবেন, তখন অন্য কিছু ভাবার সুযোগ থাকে না। পরের ম্যাচটি যে কোন মূল্যে জিততেই চাইবেন।’

ক্যামেরুন-ক্রোয়েশিয়া দুই দলের সামনেই ওই ‘যে কোন মূল্যে’ জয়ের চ্যালেঞ্জ। তাহলে যদি বিবর্ণ বর্তমানে কিছু রঙ ছড়ায়!