সূচনাটা মন্দ নয় কোরিয়ার
বিশ্বকাপের গত তিন আসরের সূচনাতেই জয়, ব্রাজিলে এসে ওই ধারাবাহিকতাটা আর ধরে রাখতে পারলো না দক্ষিণ কোরিয়া। তবে শক্তিশালী রাশিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপের শুরুটাকেও মন্দ বলতে পারবে না এশিয়ার পরাশক্তিরা।
ক্রিস্তিয়ানো রোনালদোর দেশ পর্তুগালকে পেছনে ফেলে বাছাইপর্বে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠে রাশিয়া। তাই শিরোপার দাবীদার না হলেও বড় দলগুলোর পথের কাঁটা হওয়ার সম্ভাবনা জাগিয়েই ব্রাজিলে পা রাখে তারা। কিন্তু গোলরক্ষক ইগর আকিনফিভের ভুলে বিশ্বকাপ অভিযানের শুরুটা সাফল্যমণ্ডিত হলো না।
মঙ্গলবার কুইয়াবার আরেনা পানতানালে ম্যাচের শুরু থেকে বল দখলে রাশিয়াই এগিয়ে ছিল। কিন্তু প্রথমার্ধের পুরোটা সময়ে গোলের নিশ্চিত কোনো সুযোগই তারা তৈরি করতে পারেনি। সঠিক লক্ষ্যে দুটো শট অবশ্য নেয় কিন্তু তার কোনোটিই নিশ্চিত গোলের সুযোগ ছিল না।
দক্ষিণ কোরিয়ার বেলায়ও তাই। ৩৪তম মিনিটে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক কু জা-চিও ২০ গজ দূর থেকে দুর্দান্ত একটা শট নেন। শটটি লক্ষ্যেই ছিল তবে তা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে প্রতিপক্ষের এক ডিফেন্ডারে পায়ে লেগে। শেষপর্যন্ত অবশ্য বলটি দিক পাল্টে গোলপোস্টের পাশ ঘেষে চলে যায়।
