ব্রাজিলিয়ায় প্রতিশ্রুতি আক্রমণাত্মক ফুটবলের
বিশ্বকাপের সর্বশেষ সাত ম্যাচে মাত্র এক গোল হজম করেছে সুইজারল্যান্ড। ঐতিহ্যগতভাবেই দুর্দান্ত এক রক্ষণভাগের ইঙ্গিত মেলে তাতে। অথচ এবারের দলটি কিন্তু মোটেই রক্ষণমনষ্ক না। জেরদান শাচিরি, গ্রানিট জাকা, গোকান ইনলের, হারিস সেফেরোভিচের মতো ফুটবলারের ঠাসা সুইস দল প্রতিশ্রুতি দিচ্ছে আক্রমণাত্মক ফুটবলের।
অন্য দিকে ইকুয়েডরও-বা কম কিসে! ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বে তাদের চেয়ে গোলে বেশি শট নেয়নি অন্য কোন দল। না আর্জেন্টিনা, না স্পেন-জার্মানি-নেদারল্যান্ডস! বাছাইপর্বে ২০১ টি শট গোলে নিয়েছে তারা। না হয় এর মধ্যে মাত্র ২০টির ঠিকানা হয়েছে জালে। তবু আক্রমণাত্মক ফুটবলের জয়গানের কথাই বলছে ইকুয়েডরের রেকর্ড।
বাংলাদেশ সময় রোববার রাত দশটায় ‘ই’ গ্রুপের ম্যাচে ব্রাজিলিয়ায় যখন মুখোমুখি হবে সুইজারল্যান্ড-ইকুয়েডর, তাতে গোলের প্রতিশ্রুতি থাকছে নিশ্চিতভাবে। ফুটবল-যুদ্ধে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ মসৃণ করার সুযোগ থাকছে দুই দলের সামনেই।
সাফল্য বলতে অন্তত দ্বিতীয় রাউন্ড। গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স থাকায় দ্বিতীয় স্থানের জন্য লড়াই হওয়ার কথা বাকি তিন দলের। সেজন্য নিজেদের ভেতর ম্যাচগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আর নকআউট পর্বে যাওয়ার মূল লড়াইটা ইকুয়েডরের সঙ্গে হবে বলে পূর্বানুমান হিজফেল্ডের, ‘দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমাদের সরাসরি লড়াই হবে ইকুয়েডরের বিপক্ষে। আর প্রথম ম্যাচ ভালো করাটা জরুরিও। ওরা দারুণ সংগঠিত, টেকনিক্যালি শক্তিশালী। এক গোল করে ইকুয়েডরের বিপক্ষে জয়ের আশা তাই করছি না।’
