ইংল্যান্ডকে হারিয়ে ইতালির দারুণ সূচনা
জানলুইজি বুফ্ফনকে ছাড়াই ব্রাজিল বিশ্বকাপের শুরুটা দারুণ হল ইতালির। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই জয়ে মৃত্যুকূপ 'ডি' গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তরণের পথে অনেকটা এগিয়ে গেল চেজারে প্রানদেল্লির শিষ্যরা।
ইতালির পক্ষে একটি করে গোল করেন ক্লাওদিও মার্কিসিও ও মারিও বালোতেল্লি। ইংল্যান্ডের একমাত্র গোলটি আসে ড্যানিয়েল স্টারিজের পা থেকে।
শনিবার উষ্ণ ও আর্দ্র মানাউসের আরেনা আমাজনিয়ায় পঞ্চম মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিল ইংল্যান্ডই। কিন্তু রহিম স্টার্লিংয়ের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে জর্ডান হেন্ডারসনের দারুণ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ইতালির গোলরক্ষক সালভাতোরে সিরিগু।
প্রথম পাঁচ মিনিটের প্রাণবন্ত ফুটবলের পর হঠাৎ করে ঘটে ছন্দপতন। নিজেদের রক্ষণ সামলে দুই দল আক্রমণে যাওয়ায় তেমন কোনো পরিস্কার সুযোগ তৈরি হচ্ছিল না।
২২তম মিনিটে ড্যানি ওয়েলবেকের নিচু ক্রস ইতালির ডিফেন্ডার আন্দ্রেয়া বারজাইলির পায়ে লেগে উপর দিয়ে চলে যায়। ভাগ্য ভাল ছিল চারবারের চ্যাম্পিয়নদের। অল্পের জন্য বল জালে যায়নি আর একটুর জন্য বলের নাগাল পাননি স্টার্লিং।
অবশেষে ৩২তম মিনিটে বুদ্ধিদীপ্ত গোলে খেলায় গতি আনে ইতালি।
গোলের উৎস আন্তোনিও কানদ্রেভার কর্নার। গোলেমুখে বল না দিয়ে দিয়েছিলেন আন্দ্রেয়া পিরোলেকে। 'ডামি' করে এই প্লেমেকার বোকা বানান সঙ্গে লেগে থাকা স্টার্লিংকে। বল পেয়ে যান অরক্ষিত মার্কিসিও। তার জোরালো শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেনেনি জো হার্ট।
গোল শোধ করতে দুই মিনিটের বেশি সময় নেয়নি ইংল্যান্ড। গোলের স্থপতি স্ট্রাইকার ওয়েন রুনি। তার মাপা ক্রস খুবই সুবিধাজনক জায়গায় খুঁজে পেয়েছিল স্টারিজকে। বল জালে জড়াতে কোনো ভুল করেননি তিনি।
প্রথমার্ধের শেষ মিনিটে ইতালির দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। পিরলোর চিপ থেকে ডি বক্সে বল পেয়েছিলেন বালোতেল্লি। গোলরক্ষক হার্টের মাথার ওপর দিয়ে চিপ করেছিলেন ইতালির এই স্ট্রাইকার। কিন্তু গোললাইন থেকে হেড করে বল বিপদমুক্ত করেন ফিল জাগিয়েলকা।
