ইংল্যান্ডের বিপক্ষে অনিশ্চিত বুফ্ফন
ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় একটা ধাক্কা খেল ইতালি। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী চোট থেকে সেরে না ওঠায় বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক জানলুইজি বুফ্ফনকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শনিবার বাংলাদেশ সময় রাত ৪টায় মানাউসের স্তাদিও আমাজনিয়ায় মুখোমুখি হবে সাবেক এই দুই চ্যাম্পিয়ন।
ইতালির গণমাধ্যমগুলো জানায়, গত শুক্রবার অনুশীলনে গোড়ালির গাঁট মচকে যায় জুভেন্টাসের গোলরক্ষক বুফ্ফনের। তারপরও অবশ্য ইতালির কোচ চেজারে প্রানদেল্লি প্রথম ম্যাচ থেকেই দলের সেরা গোলরক্ষককে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না।
মানাউসের অত্যধিক গরমই শুধু নয়, মৃত্যুকূপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ের শুরুতে বুফ্ফনের না থাকাটাও ভোগাবে আজ্জুরিদের।
