সতীর্থদের নিয়ে গর্বিত রবেন
রেফারি যখন শেষবার বাঁশিতে ফু দিলেন, সালভাদরের আরেনা ফন্তে নোভায় সূর্য তখনো ডোবেনি। অস্তায়মান সেই সূর্যের আলোকে ছাপিয়ে তখন দ্যুতি ছড়িয়ে যাচ্ছিলেন নেদারল্যান্ডসের আরিয়েন রবেন।
শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে দিতে অসাধারণ ফুটবল খেলে রবেন মুগ্ধ করেন ফুটবল-রোমাঞ্চ পিয়াসীদের। দলকে বড় জয় এনে দিতে ৩০ বছর বয়সী এই উইঙ্গার জোড়া গোল করেছেন।
ম্যাচ শেষে গোধূলির সোনালি আলো আর সাফল্যের দ্যুতিতে রবেনের চোখ-মুখ উজ্জ্বল দেখাতে পারে, কিন্তু ম্যাচের শুরুটা কিন্তু অন্যরকম ছিল না।
স্পেনের বিপক্ষে ম্যাচটির আগে স্বাভাবিকভাবেই রবেনের সামনে সাংবাদিকরা তুলে ধরেছিলেন গত বিশ্বকাপের ফাইনালের স্মৃতি। ওই ফাইনালে স্পেনের কাছে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হয় ডাচদের। অতিরিক্ত সময়ে গড়ানো সেই ম্যাচে ৬২ মিনিটে রবেনের দুর্দান্ত একটি শট ঠেকিয়ে দিয়েছিলেন ইকার কাসিয়াস।
দ্বিতীয়ার্ধে কোনো এক মন্ত্রে যেন জ্বলে উঠলেন রবেন। অসাধারণ দুটি গোল করে দলের বড় জয়ে রাখলেন দারুণ অবদান। দ্বিতীয় গোলটি করেন আগুয়ান কাসিয়াসকে ঘোল খাইয়ে।
ম্যাচ শেষে আবার ২০১০ বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গটি আসে। কথায় কথায় ওঠে প্রতিশোধের বিষয়টিও। কিন্তু রবেন সেই ম্যাচের সঙ্গে এ ম্যাচকে মেলাতে চাইলেন না।
“আপনি চার বছর আগের সেই ম্যাচের সঙ্গে এটিকে তুলনা করতে পারবেন না। সেই ম্যাচটি ছিল ফাইনাল। আর এটি একটি গ্রুপ ম্যাচ।”
তবু এ ম্যাচে যা হলো, তা নিয়ে দারুণ খুশি বায়ার্ন মিউনিখের উইঙ্গার, “গোলগুলো করে দারুণ লাগছে।”
তবে দুবার জালে বল পাঠানোর চেয়ে রবেনের বেশি গর্ব তার সতীর্থদের নিয়ে।
“আমাকে বলতেই হচ্ছে, আমি আমার দল নিয়ে অনেক গর্বিত।”
