২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভাগ্যবানের 'ভাগ্য পরীক্ষা'

ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আসা 'এ' গ্রুপের দুই দল ক্যামেরুন আর মেক্সিকোর মধ্যে দারুণ এক সাদৃশ্য আছে এবার। দুটি দলই বলতে গেলে এক রকম ভাগ্যের সহায়তায় বাছাইপর্ব পেরিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 01:25 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

নাতালের দাস দুনাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের 'এ' গ্রুপ থেকে নকআউটে ওঠার পরীক্ষায় নামছে এই দুই দল।

উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে এগিয়ে আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে। মেক্সিকো আর ক্যামরুনের মধ্যে জয়ী দল তাই কিছুটা এগিয়ে যাবে পরের ধাপের দিকে।

এমনিতে কনকাকাফ অঞ্চলের পরাশক্তি মেক্সিকো। কিন্তু ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তাদের। যুক্তরাষ্ট্র বাছাইপর্বে তাদের শেষ ম্যাচে পানামাকে না হারালে প্লে-অফ খেলারও সুযোগ পেত না উত্তর আরেমিকার দেশটি।

যুক্তরাষ্ট্র ম্যাচের অন্তিম মুহূর্তে পানামার বিপক্ষে গোল করে মেক্সিকোকে প্লে-অফ খেলার সুযোগ করে দেয়। আর সেই সুযোগ কাজে লাগিয়ে প্লে-অফে নিউ জিল্যান্ডকে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের টিকেট পায় মেক্সিকো।

ক্যামেরুনের গল্পটাও এমনই, সেখানেও ভাগ্যের জয়জয়কার। বাছাইপর্বে টোগোর কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল তারা। নিষিদ্ধ খেলোয়াড় খেলানোর কারণে পরে ওই ম্যাচে জয়ী ঘোষণা করা হয় ক্যামেরুনকে। আর তাতেই প্লে-অফ খেলার সুযোগ পায় 'আফ্রিকার অদম্য সিংহ' নামে পরিচিত দলটি। সেখানে তিউনিসিয়াকে পেছনে ফেলে সপ্তমবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে আসে তারা।

ক্যামেরুনের ফুটবলটাই আসলে এমন গোলমেলে। 'সহজ' বলতে আফ্রিকার এই দেশের ফুটবলে কিছু নেই। বিশ্বকাপ খেলতে ব্রাজিল রওনা হওয়ার দিনও এর প্রমাণ দিয়েছেন স্যামুয়েল এতোরা। বোনাস-বিতর্কের জের ধরে ধর্মঘট ডেকে বসেন ক্যামেরুনের খেলোয়াড়রা। পরে বিষয়টির সমাধান হয়েছে এবং ১২ ঘণ্টা পর ব্রাজিলগামী বিমানে উঠেছে তারা।

যত ঝামেলা নিয়েই ব্রাজিলে পা রাখুক ক্যামেরুন, একটা স্বপ্ন সঙ্গে নিয়ে গেছে তারা। ১৯৮২ সালে বিশ্বকাপ অভিষেক হওয়া ক্যামেরুন ১৯৯০ সালে শেষ আটে খেলেছিল। এর পর আর গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারেনি তারা। এবার তারা রজার মিলার এনে দেয়া সেই সাফল্য ছুঁতে চায়।

এই স্বপ্ন অর্জনের পথে শুক্রবার এক ধাপ এগিয়ে যেতে পারে ক্যামেরুন। তবে এজন্য তাদের সামলাতে হবে হাভিয়ের এরনান্দেজ ও জিওভানি দোস সান্তোসের সমন্বয়ে গড়া দারুণ এক আক্রমণভাগকে।

মেক্সিকোকে দিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলানোর কথাই ভাবছেন কোচ মিগেল এররেরা। তবে তাদের এই আক্রমণাত্মক ফুটবল রুখতে প্রস্তুত বলে জানান ক্যামেরুনের দুই মিডফিল্ডার আলেক্সন্দ সং ও এনোহ এইয়োং।

ব্রাজিলের মাটিতে অবশ্য ঘরের মাঠের মতোই দর্শক-সমর্থন পাবে মেক্সিকো। স্তাদিও দাস দুনাসে প্রায় ৪০ হাজার দর্শকের বেশিরভাগের সমর্থন নিয়ে মেক্সিকোও একটি স্বপ্ন অর্জনের পথে এগিয়ে যেতে চাইবে।

১৯৮৬ সালে দেশের মাটির বিশ্বকাপের পর আর শেষ আটে উঠতে পারেনি মেক্সিকো এবার নিজেদের সেই কীর্তিকে ছুঁতে চায় তারা।