২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়া: আবার অঘটনের অপেক্ষা

বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অঘটনটির জন্ম দিয়েছে তারা। অতীতের এই প্রেরণা নিয়েই ব্রাজিল গেছে আলজেরিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 12:32 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

ফুটবল বিশ্ব কাঁপানো অঘটনের জন্ম তারা দেয় ১৯৮২ আসরে। নিজেদের অভিষেকেই প্রথম ম্যাচে হারিয়ে দেয় পরাক্রমশালী পশ্চিম জার্মানিকে। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেও প্রথম পর্ব পেরোনো হয়নি আলজেরিয়ার। গোল পার্থক্যে কাটা পড়ে তাদের স্বপ্ন।

হতাশা অবশ্য মাঠেও আলজেরিয়ানদের নিত্যসঙ্গী। ’৮২-র সেই চোখ ধাঁধানো সাফল্যের পুনরাবৃত্তি আর তারা করতে পারেনি। এরপর দু’বার তারা বিশ্বকাপ খেলেছে, তবে ১৯৮৬ ও ২০১০ আসরে জিততে পারেনি একটি ম্যাচও। এবার দ্বিতীয় রাউন্ডে না যাক, তিন দশকের দীর্ঘ সেই জয়খরা কাটলেই বর্তে যাবে আলজেরিয়া।

তাদের আশাবাদী হওয়ার জায়গা গ্রুপ। ‘এইচ’ গ্রুপে বেলজিয়াম, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে পড়েছে তারা। তিনটি দলই সামর্থ্য-ঐতিহ্যে আলজেরিয়ার চেয়ে এগিয়ে। কিন্তু তারপরও এর চেয়ে সহজ গ্রুপ কিভাবে আশা করবে ‘আফ্রিকার মরু শেয়াল’রা!

বাছাইপর্ব পেরিয়েছে তারা দারুণ রোমাঞ্চে। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অনায়সে। কিন্তু প্লে-অফে গিয়ে আলজেরিয়া পড়ে যায় বুরকিনা ফাসোর বিপক্ষে। আফ্রিকান নেশনস কাপের ফাইনালে ওঠা দলটি ছিল ফর্মের চূড়ায়। প্রথম লেগ ৩-২ গোলে জিতেও নেয় তারা। কিন্তু এরপর ঘরের মাঠে দ্বিতীয় লেগ আলজেরিয়া জেতে ১-০ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে পয়েন্ট ও গোলসংখ্যা হয় সমান, তবে প্রতিপক্ষের মাঠে গোল করার ব্রাজিলের টিকেট পায় আলজেরিয়া।

১৯৮২ সালের বিশ্বকাপে যখন ঝড় তুলছিল আলজেরিয়া, সেই আসরে দুটি ম্যাচে যুগোশ্লাভিয়ার জার্সি গায়ে নেমেছিলেন ভাহিদ হালিলহোদিচ। সেই ভদ্রলোকই এখন আলজেরিয়ার কোচ। ২০১১ সালের জুলাই মাসে যখন তাকে দায়িত্ব দেওয়া হয়, সামনে বেঁধে দেওয়া হয়েছিল দুটি লক্ষ্য। ২০১৩ আফ্রিকান নেশনস কাপের অন্তত সেমি-ফাইনালে উঠতে হবে এবং ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যেতে হবে দলকে। প্রথম লক্ষ্য পূরণে ব্যর্থ হালিলহোদিচ। তবু বরখাস্ত না করে তার উপর আস্থা রেখেছিল আলজেরিয়া ফুটবল কর্তারা। সে আস্থার প্রতিদানে দলকে ঠিকই ব্রাজিলের টিকেট পাইয়ে দিয়েছেন তিনি। এবার চ্যালেঞ্চ দলকে বিশ্বকাপে অন্তত একটি জয় পাওয়ানোর।

এক নজরে:

গ্রুপ: এইচ

তারিখ

প্রতিপক্ষ

স্থান

১৭ জুন

বেলজিয়াম

বেলো হরিজন্তে

২২ জুন

দক্ষিণ কোরিয়া

পোর্তো আলেগ্রে

২৬ জুন

রাশিয়া

কুরিচিবা

এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৩ বার

সেরা সাফল্য: কোনোবারই প্রথম রাউন্ড পার হতে পারেনি।

যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফে দুই লেগ মিলিয়ে বুরকিনা ফাসোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করে আলজেরিয়া। কিন্তু প্রতিপক্ষের মাটিতে গোল করায় আলজেরিয়া পায় বিশ্বকাপের টিকেট।

কোচ: ভাহিদ হালিলহোদিচ

খেলার ফর্মেশন: ৪-২-৩-১

ফিফা র‌্যাঙ্কিং: ২২