২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের সম্ভাবনা দেখছেন না হিটজফেল্ড

ব্রাজিল বিশ্বকাপটা ইউরোপের দেশগুলোর জন্য কঠিন হবে বলেই মনে করেন সুইজারল্যান্ডের কোচ ওটমার হিটজফেল্ড। এর আগে চারবার বিশ্বকাপ আয়োজন করেছে দক্ষিণ আমেরিকার দেশগুলো। এর সবকটিতেই জয় পেয়েছে এই অঞ্চলের কোনো দেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 10:49 PM

Updated : 25 Apr 2022, 04:18 PM

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ব্রাজিল বিশ্বকাপে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি ও বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও ফেভারিটদের তালিকায় আছে। তবে হিটজফেল্ড মনে করেন, যেকোনো ইউরোপীয় দেশের জন্যই লাতিন আমেরিকা থেকে শিরোপা জয় করে নেয়া কঠিন হবে।

এটা কোনো কাকতাল নয় উল্লেখ করে হিটজফেল্ড বলেন, "উরুগুয়েতে নয়, আর্জেন্টিনাতেও পারেনি এবং নিশ্চিত করেই ব্রাজিলেও নয়।"

১৯৫০-এর পর এই প্রথম বিশ্বকাপ আয়োজন করছে ব্রাজিল। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিলের মানুষ। অনেকেই মনে করেন, স্বাগতিকদের জন্য বড় এক চাপ এটা।

হিটজফেল্ডের ভাবনাটা অবশ্য ভিন্ন। ব্রাজিল এই চাপ সামলাতে পারবে বলেই বিশ্বাস তার, "ফুটবলে চাপ সবসময়ই থাকে।"

ব্রাজিলের এই দলটির চাপ সামলানোর সামর্থ্য আছে বলেই মনে করেন হিটজফেল্ড। গত বছরের কনফেডারেশন্স কাপে সেটা তারা দেখিয়েছে বলে উদাহরণ দেন জার্মানির এই কোচ।  

আগের ১৯টি বিশ্বকাপে ইউরোপের দেশগুলো জিতেছে ১০টি, দক্ষিণ আমেরিকার দেশগুলো জিতেছে ৯টি শিরোপা। হিটজফেল্ডের কথা অনুযায়ী, এবার ইউরোপ আর লাতিনদের শিরোপা জয়ের হিসেবটা সমান হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।