২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির স্বপ্ন পূরণে কাঁটা তারা

লিওনেল মেসির শো-কেসে একটা সাফল্য-স্মারকেরই অভাব। ব্রাজিল বিশ্বকাপ জিতে সেই অভাবটা পূরণের স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড। তার বিশ্বকাপ জয়ের এই স্বপ্ন পূরণের বাধা হতে পারেন বসনিয়া স্ট্রাইকার এদিন জেকো, নাইজেরিয়ার গোলরক্ষক ভিনসেন্ট এনাইয়েমা। মেসিকে আটকানোর পরিকল্পনা এঁকে এই দলে থাকতে পারেন ইরানের কোচ কার্লোস কেইরোসও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 09:31 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

শক্তি আর ঐতিহ্যের হিসেব করে স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছে 'এফ' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠবে আর্জেন্টিনা। এর মধ্যেই এলো এই যৌথ হুমকি। মেসির বিশ্বকাপ দু:স্বপ্নে ভরিয়ে দেয়ার হুঙ্কার দেয়া এই তিন জন আর্জেন্টিনার গ্রুপ পর্বের তিন দলের প্রতিনিধি।

ব্রাজিলের ঐতিহ্যবাহী স্টেডিয়াম মারাকানায় বিশ্বকাপ অভিষিক্ত বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের অভিযান। আগামী রোববারের এই ম্যাচে আলেহান্দ্রো সাবেইয়ার দলের মূল হুমকি জেকো। ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ একটি মৌসুম শেষ করে বিশ্বকাপে এসেছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

আর্জেন্টিনার পরের ম্যাচটি ইরানের বিপক্ষে। বেলো হরিজন্তের সেই ম্যাচে ইরানের কোচ কেইরোসের জন্যও বড় এক পরীক্ষা। সেই পরীক্ষায় সফল হতেই মেসিকে আটকানোর জোর পরিকল্পনা আঁকছেন তিনি।

আর্জেন্টিনা গ্রুপের শেষ ম্যাচটি খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। মেসিকে ২০১০ বিশ্বকাপে গোলশূন্য রাখতে ভূমিকা ছিল নাইজেরিয়ার গোলরক্ষক এনাইয়েমারও। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতলেও ভালো কিছু সেভ করে মেসিকে গোল-বঞ্চিত করেছেন এনাইয়েমা।

জেকোর বসনিয়া, এনাইয়েমার নাইজেরিয়া আর কুইরোসের ইরানের একটি ভালো দিন মেসির স্বপ্ন ভাঙতে না পারলেও ধাক্কা অবশ্যই দিতে পারে।