ফিফা ফুটবলের অপশক্তি : মারাদোনা
ফিফাকে এবার আরো কড়া ভাষায় বিদ্রুপ করলেন দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনার এই কিংবদন্তি খেলোয়াড়ের মতে, ফুটবলের সর্বোচ্চ প্রতিষ্ঠানটি ব্রাজিল বিশ্বকাপ থেকে যে বিশাল অঙ্কের আয় করবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কাতারকে ২০২২ বিশ্বকাপের আয়োজক করার ফিফার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি নতুন করে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফিফার কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অসংখ্য গোপন ইমেইল,চিঠি ও ব্যাংক লেনদেনের নথিপত্র হাতে পাওয়ার কথা একটি প্রতিবেদনে জানায় ব্রিটিশ পত্রিকা ‘সানডে টাইমস’।
পত্রিকাটির ওই প্রতিবেদনের প্রেক্ষিতে ফিফাকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলেন মারাদোনা।
আর এবার ফিফাকে ফুটবলের ‘অপশক্তি’ হিসাবে তিরস্কার করে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মারাদোনা বলেন, “বিশ্বকাপ থেকে যদি তারা ৩০০ কোটি ইউরো আয় করে আর চ্যাম্পিয়ন দল যদি ২ কোটি ৬০ লাখ ইউরো পায়, তাহলে (এই দুই অঙ্কের মাঝে) পার্থক্যটা বিশ্বাস করাই কঠিন।”
ভেনেজুয়েলার একটি টিভি স্টেশনকে মারাদোনা আরো বলেন, “বলটাকে (ফুটবল খেলাটাকে) ফিফা খেয়ে ফেলছে। কোনো কিছু না করেই ৩০০ কোটি ইউরো নিচ্ছে তারা।”
