নাইজেরিয়া: ওড়ার প্রত্যাশা
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট তাদের দখলে। ব্রাজিল বিশ্বকাপে নাইজেরিয়া খেলতে যাচ্ছে আফ্রিকা কাপ অব নেশনসের চ্যাম্পিয়ন হিসেবে। আফ্রিকার সবচেয়ে সামনের সারির এই প্রতিনিধির কাছ থেকে আলোকিত পারফরম্যান্সের প্রত্যাশায় তাই দোষ নেই কোনো।
কিন্তু নাইজেরিয়া কি পারবে সেই প্রত্যাশাকে প্রাপ্তির বিন্দুতে মিলিয়ে দিতে? পারবে ১৯৯০ সালের ক্যামেরুন, ২০০২ সালের সেনেগাল কিংবা ২০১০ সালের ঘানা হয়ে উঠতে? সম্ভাবনা বড্ড কম! কারণ মহাদেশীয় চ্যাম্পিয়ন হলেও এই নাইজেরিয়ার দলটি চোখে লাগার মতো দুর্বল। অন্তত এর আগের সব বিশ্বকাপে যে এবারের চেয়ে শক্তিশালী দল ছিল তাদের, সেটি নিয়ে বাজি ধরা যায় নিদ্বিধায়।
ড্রটা হয়েছিল একেবারে নাইজেরিয়ার মনমতো! আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে শুরুতে মালয়ি, কেনিয়া, নামিবিয়ার মতো দুর্বল দলগুলোর সঙ্গে একই গ্রুপে পড়ে নাইজেরিয়া। কোনো রকম সমস্যা ছাড়াই পরের রাউন্ডে উঠে যায় তারা। সেই প্লে-অফ পর্বে আরেক দফা ভাগ্যের পক্ষপাত। এবার দুর্বল ইথিওপিয়া পড়ে ‘সুপার ঈগল’দের সঙ্গে। দুই লেগ মিলিয়ে স্বচ্ছন্দ্যে ৪-১ ব্যবধানে জিতে ব্রাজিল বিশ্বকাপে খেলা নিশ্চিত করে নাইজেরিয়া।
কেশির ভরসার জায়গা একটাই- গত বছরের আফ্রিকা কাপ অব নেশনস। সেই টুর্নামেন্টে এই নাইজেরিয়া চ্যাম্পিয়ন হবে বলে ভাবেনি কেউ। হয়তো নিজেরাও আশা করেননি এতটা সাফল্য। শূন্য সম্ভাবনা থেকে সেখানে চ্যাম্পিয়ন হতে পারলে বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাবে না? ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়নশিপ না হয় আর্জেন্টিনার কাছে ছেড়েই দিল তারা। পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা বসনিয়া-হার্জেগোভিনা ও এশিয়ার ‘পুঁচকে’ দল ইরানের কাছ থেকে দ্বিতীয় স্থান কেড়ে নেওয়ার আশাতেও বাড়াবাড়ি থাকছে না।
এক নজরে:
গ্রুপ: এফ
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৬ জুন | ইরান | রিও দে জেনেইরো |
২১ জুন | বসনিয়া | বোলো হরিজন্তে |
২৫ জুন | আর্জেন্টিনা | পোর্তো আলেগ্রে |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৪ বার
সেরা সাফল্য: দ্বিতীয় রাউন্ড (১৯৯৪, ১৯৯৮)
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্লে অফে ইথিওপিয়াকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারিয়ে।
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ৪৪
কোচ: স্টিভেন কেশি (নভেম্বর ২০১১ থেকে)
নাইজেরিয়া দল:
গোলরক্ষক: ভিনসেন্ট এনিয়ামা (লিল), অস্টিন এজিডে, চিগোজি অ্যাগবিম
ডিফেন্ডার: এফি অ্যামব্রোস (সেল্টিক), গডফ্রে ওবাওবোনা, অ্যাজুবুইকে এগুয়েকে, কেনেথ ওমেরো, জুয়োন ওশানিয়া, জোসেফ ইয়োবো, কুনলে ওডুনলামি
মিডফিল্ডার: জোয়েল ওবি, র্যামন আজিজ (আলমেরিয়া), ওগেনি ওনাজি (লাৎসিও), রুবেন গ্যাব্রিয়েল, মাইকেল বাবাতুন্দে, এজিকে উজোয়েনি।
ফরোয়ার্ড: আহমাদ মুসা (সিএসকেএ মস্কো), শোলা অ্যামেওবি (নিউক্যাসল), এমানুয়েল এমেনিকে (ফেনারবাচে), মাইকেল উচেবো, পিটার ওদেমউইঙ্গি (স্টোক সিটি), ভিক্তর মোসেস (চেলসি থেকে লোনে লিভারপুলে), উচে নোফর।
