ব্রাজিলকে ক্রোয়েশিয়ার হুমকি
শুরুতেই ২০১৪ বিশ্বকাপকে অঘটন উপহার দেয়ার স্বপ্ন দেখছে ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার স্বাগতিক ব্রাজিল আর ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়েই শুরু হবে এবারের বিশ্বকাপ।
উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের ওপর চেপে বসতে লুইস ফেলিপে স্কলারির দলের বিশেষ একটা দুর্বলতাকে কাজে লাগানোর পরিকল্পনা এঁটেছেন ক্রোয়েশিয়া কোচ নিকো কোভাচ।
তিনি মনে করেন, সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে কিছুটা ক্লান্ত মনে হয়েছে। স্বাগতিকরা দেশের মাটিতে ভালো করার চাপে যে আছে তা বোঝা যাচ্ছে।
“মনে হচ্ছে, তারা শুধু জয়ের চিন্তাই করবে না, আনন্দদায়ক ফুটবলও খেলতে চাইবে এবং এটাই আমাদের জন্য সুযোগ। আমরা যতটা আমাদের প্রান্তে ধরে খেলতে পারব, তারা ততটাই উদ্বিগ্ন হয়ে উঠবে।”
ব্রাজিলের জন্য ম্যাচটি যতটা সম্ভব কঠিন করে তুলতে চাইবে ক্রোয়েশিয়া। তবে ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যমে কোভাচ বলেন, এজন্য তারা মারাত্মক রক্ষণাত্মক ফুটবল খেলবেন না। ব্রাজিলকে আটকাতে কি করতে হবে, সেটা নাকি ক্রোয়েশিয়া কোচের ভালোই জানা আছে।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলে আছেন ব্রাজিলে জন্ম নেয়া দুই ফুটবলার সাম্মির ও এদুয়ার্দো দা সিলভা। কোভাচের ব্রাজিল-বধ পরিকল্পনায় এই দুজন বড় ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করছেন অনেকে।
সাম্মির তো জন্মভূমিতে ভালো করার জন্য উন্মুখই হয়ে আছেন।
“ব্যক্তিগতভাবে আমি চাই, ব্রাজিলের মানুষ আমাকে ভালো খেলোয়াড় হিসেবেই মনে রাখুক।”
