ব্রাজিলের ঘাম ঝরানো জয়
আগের ম্যাচে পানামার বিপক্ষে সহজ জয় পেলেও বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ঘাম ঝরাতে হয়েছে নেইমারদের। তবে ফ্রেডের লক্ষ্যভেদে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে জয়রথ অব্যাহতই আছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিলের।
শুক্রবার প্রথমার্ধে পাঁচ বারের চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলেছিল সার্বিয়া। আগের আট ম্যাচে অপরাজিত সার্বিয়া প্রথমার্ধে গোলের অন্তত চারটি সুযোগ তৈরি করে। কিন্তু কোলারভ ও মিত্রোভিচের ব্যর্থতায় গোল পায়নি ইউরোপের দলটি।
সুযোগ পেয়েছিল ব্রাজিলও। কিন্তু নেইমার, ফ্রেড, মার্সেলোরা সেই সব সুযোগ কাজে লাগাতে পারেননি।
৫৮তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ফ্রেড। সিলভার একটি ক্রস থেকে গোলটি করেন এই স্ট্রাইকার।
৭৩তম মিনিটে সমতা ফেরোনার দারুণ সুযোগটি হাতছাড়া হয়ে যায় সার্বিয়ার। কোলারভের ক্রস থেকে জোকিচের হেড পোস্টে লাগে। পরের মিনিটে মার্কোভিচের দারুণ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ব্রাজিলের গোলরক্ষক।
এরপরও গোলের সুযোগ পেয়েছিল দুই দল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তার কোনোটি থেকেই সাফল্য আসেনি।
ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে প্রস্তুতিটা ভালোই হচ্ছে ব্রাজিলের। গত নয় ম্যাচের সবকটিতেই জিতেছে কোচ লুইস ফেলিপে স্কলারির দল। আর স্কলারি ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর ২২ ম্যাচে এটি ১৬তম জয়।
১২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে ব্রাজিলের। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।
