গ্রিস: রক্ষণই ভরসা
জয়শূন্য ও গোলশূন্য- ১৯৯৪ সালে বিশ্বকাপ অভিষেকটা অমনই সাদামাটা ছিল গ্রিসের। তুলনায় ২০১০ সালে বিশ্বমঞ্চে প্রত্যাবর্তনটা অনেক উজ্জ্বল। গোল পায় গ্রিস; জয়ও। তবে গ্রুপ পর্বের গণ্ডি পেরেনো হয়নি। ২০১৪ সালে কি সেটিও হয়ে যাবে?
‘বি’, ‘ডি’ কিংবা ‘জি’-এর মতো কঠিন গ্রুপে পড়লে সেই সম্ভাবনা থাকত প্রায় শূন্যের কোটায়। কিন্তু ব্রাজিল আসরে ‘সি’ গ্রুপে গ্রিসের সঙ্গী কলম্বিয়া, কোত দি ভোয়া (আইভরি কোস্ট) ও জাপান। আগের দুই বিশ্বকাপের সাফল্য ছাড়িয়ে যাওয়ার স্বপ্নের শেকড় সেখানেই।
ড্রয়ের এই ভাগ্যটা কাজে লাগাতে উন্মুখ গ্রিস। কোচ ফের্নান্দো সান্তোসের কণ্ঠে উচ্চকিত সেই সুর, "এটি পুরোপুরি উন্মুক্ত এক গ্রুপ। দারুণ ভারসাম্যপূর্ণ, যেখানে হতে পারে যে কোনো কিছুই। কলম্বিয়ার সম্ভাবনাকে হয়তো ৫৫ শতাংশ বলতে পারেন, তবে অন্য তিন দলের সম্ভাবনাও কিন্তু ৪৫ শতাংশের কম না। আমরা তাই ব্রাজিলে গিয়ে শতভাগ ঢেলে দিতে প্রস্তুত।" কোচের কথা মতো সেটি পারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া একেবারে অসম্ভব না।
ইউরোপিয়ান অঞ্চল থেকে সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি গ্রিস। বসনিয়া-হার্জেগোভিনার পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে পায় প্লে-অফে খেলার সুযোগ। সেখানে দুই লেগ মিলিয়ে রোমানিয়াকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ খেলা নিশ্চিত করে গ্রিস। এই বাছাইপর্বে সব মিলিয়ে ইউরোপিয়ান দেশটির বলে জাল গিয়েছে চারবার। একমাত্র স্পেনের গোল না খাওয়ার রেকর্ড এর চেয়ে ভালো। তবে বিশ্ব চ্যাম্পিয়নরা যেমন অমন রেকর্ড থাকার পরও মূলত আক্রমণাত্মক ফুটবল খেলে, গ্রিসের ব্যাপার সেটি নয়। রক্ষণ জমাট রাখার সেই রক্ষণাত্মক কৌশলেই খেলে যাচ্ছে তারা।
বিশ্বকাপে গ্রিসের স্বপ্নটাও বেপরোয়া দুঃসাহসী নয়। প্রথম রাউন্ডই তো কেবল পেরোতে চায় তারা! ২০১২ সালের সর্বশেষ ইউরোতেও গ্রুপ পর্ব পেরিয়েছিল গ্রিস। সেটিও বিশ্লেষকদের বিশ্লেষণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে।
ব্রাজিল বিশ্বকাপে আরো একবার তাদের বোকা বানাতে চায় গ্রিসের ফুটবল-বীররা।
এক নজরে:
গ্রুপ সি
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৪ জুন | কলম্বিয়া | বেলো হরিজন্তে |
১৯ জুন | জাপান | নাতাল |
২৪ জুন | আইভরি কোস্ট | ফোরতালেজা |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ২ বার
সেরা সাফল্য: প্রথম রাউন্ড পার হয়নি কোনো বার।
যেভাবে বিশ্বকাপে: ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপে রানার্সআপ হয়ে তারা যোগ্যতা অর্জন করে প্লে-অফ খেলার। সেখানে দুই লেগ মিলিয়ে রোমানিয়াকে ৪-২ গোলে হারিয়ে অর্জন করে বিশ্বকাপে খেলার যোগ্যতা।
খেলার ফর্মেশন: ৪-৫-১
ফিফা র্যাঙ্কিং: ১২
কোচ: ফের্নান্দো সান্তোস (জুলাই ২০১০ থেকে)।
গ্রিস দল:
গোলরক্ষক: ওরেস্টিস কারনেজিস (গ্রানাদা), পানাইওতিস গ্লাইকোস (পিএওকে), স্তেফানোস কাপিনো(প্যানাথিনাইকোস)
ডিফেন্ডার: কোস্তাস মানোলাস (অলিম্পিয়াকোস), ইয়ানিস মানিয়াতিস (অলিম্পিয়াকোস), হোজে হোলাবাস (অলিম্পিয়াকোস), সক্রাটিস পাপাস্তাথোপুলোস (বরুসিয়া ডর্টমুন্ড), ইওর্গিওস জাভেলাস (পিএওকে), লুকাস ভিয়ান্ত্রা (লেভান্তে), ভাসিলিস তোরোসিদিস (রোমা), ভানগেলিস মোরাস (ভেরোনা)।
মিডফিল্ডার: আলেক্সান্দ্রোস জিওলিস (কায়সেরিস্পোর), আন্দ্রেয়াস সামারিস (অলিম্পিয়াকোস), কোস্তাস কাতসুরানিস (পিএওকে), ইয়োরগোস কারাগোনিস (ফুলহ্যাম), পানাইয়োতিস তাচসিদিস (তোরিনো), ইয়োনিস ফেতফাতজিদিস (জেনোয়া), লাজারুস ক্রিস্তোদুলোপুলোস (বোলোনিয়া), পানাইওটিস কোনে (বোলোনিয়া)।
ফরোয়ার্ড: দিমিত্রিস সালপিনগিদিস (পিএওক), ইয়োরগিওস সামারাস (সেল্টিক), কোনস্তানতিনোস মিত্রোগ্লোউ (ফুলহাম), থিওফানিস গেকাস (কোনিয়াস্পর)।
