২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার জয়ে গোল নেই মেসির

প্রীতি ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতির শুরুটা ভালোই হলো। তবে গোল পাননি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 11:01 AM

Updated : 13 Oct 2022, 12:11 PM

বুধবার বুয়েনস আইরেসে আর্জেন্টিনার গোল ৩টি করেছেন রদ্রিগো পালাসিও, হাভিয়ের মাসচেরানো ও ম্যাক্সি রদ্রিগেস।

গোল পাননি, তবে আর্জেন্টিনার জয়টি মেসিময়ই ছিল। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষের খেলোয়াড়রা মেসির সঙ্গে হাত মেলাতে ব্যস্ত হয়ে পড়েন। তাদের মধ্যে একজনতো মেসিকে শ্রদ্ধা জানান মাথা নত করে।

ম্যাচ শুরু হতেই অবশ্য এই 'শ্রদ্ধা' উবে যেতে থাকে। মেসিকে গোল-বঞ্চিত রাখতে সর্বাত্মক চেষ্টা করে ত্রিনিদাদ ও টোবাগোর খেলোয়াড়রা। মেসির বারবার ফাউলের শিকার হওয়াই এর প্রমাণ।

এমন একটি ফাউল থেকেই প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন মেসি। কিন্তু তার নেয়া ফ্রি-কিকটি বারে লেগে ফিরে আসে। ফিরতি বল থেকে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেন মাসচেরানো।

এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে দেন পালাসিও। চোট পাওয়া গনসালো হিগুয়াইনের পরিবর্তে খেলতে নামেন তিনি।

রদ্রিগেসের করা দলের তৃতীয় গোলেও অবদান ছিল পালাসিওর। ইন্টার মিলানের এই ফরোয়ার্ডের দারুণ এক পাসে কঠিন কোণ থেকে অসাধারণ এক গোল করেন নিওয়েলস ওল্ড বয়েসের মিডফিল্ডার রদ্রিগেস।

২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে একটি গোল করেছিলেন মেসি। এর পর বিশ্বকাপে আর গোল নেই তার। এবার বিশ্বকাপে গোল-খরা কাটানোর স্বপ্ন দেখছেন বার্সেলোনার এই গোল-যন্ত্র। কিন্তু তার সেই স্বপ্ন একটা ধাক্কা খেল আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে।

তবে মেসি নিজের গোল না পাওয়া নিয়ে ভাবছেন না। দলের প্রস্তুতিটা ভালো হয়েছে বলেই খুশি তিনি।

"আমরা ভালোভাবে ম্যাচটা শেষ করেছি। ত্রিনিদাদ ও টোবাগো রক্ষণভাগটা একেবারেই জমাট করে রেখেছিল। বিশ্বকাপে গ্রুপে অনেক দলই এই কাজটা করবে।"

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে শনিবার লা প্লাতায় স্লোভেনিয়ার বিপক্ষে আর্জেন্টিনা তাদের শেষ প্রীতি ম্যাচটি খেলবে।

ব্রাজিল বিশ্বকাপে 'এফ' গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া।