Published : 26 Jun 2026, 06:45 PM
গ্রুপ রানার্সআপ হলে ঘুরে বেড়াতে হবে বিভিন্ন শহর, তাতে ভ্রমণ ক্লান্তি জেঁকে বসতে পারে খেলোয়াড়দের। এই সমস্যা এড়াতে চায় ফ্রান্স। দলটির সহকারী কোচ গি স্তেফোঁ বলেছেন, নরওয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই এখন তাদের মূল লক্ষ্য।
শেষ গ্রুপ ম্যাচে শুক্রবার নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। দুই দলই নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে।
গোল পার্থক্যে এগিয়ে ‘আই’ গ্রুপে আপাতত শীর্ষে আছে ফরাসিরা। নরওয়ের বিপক্ষে হার এড়াতে পারলেই গ্রুপ সেরা হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেই থাকতে পারবে ফ্রান্স। এই অঞ্চলের বস্টন শহরে বেইস ক্যাপ ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর রানার্সআপ হলে দলটিকে ডালাস, মায়ামি এবং আটলান্টার মতো দূরবর্তী শহরগুলোতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
মায়ের শেষকৃত্যে অংশ নিতে দেশে ফিরে গেছেন ফরাসিদের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ে দেশোঁ। অনুপস্থিতিতে নরওয়ে ম্যাচে টাচ লাইনের দাঁড়াবেন গি স্তেফোঁ। ফ্রান্সের সহকারী কোচ বলেছেন, দীর্ঘ ভ্রমণের জটিলতায় পড়তে চান না তারা।
“দিদিয়ে গ্রুপ সেরা হতে চায়, পুরো দলই সেটা চায়, কারণ তা হলে আমাদের লজিস্টিক পরিকল্পনা পুরোপুরি বদলে যাবে। দ্বিতীয় হলে, বিভিন্ন শহরে যেতে ভ্রমণের সময় বেড়ে যাবে। তাপমাত্রার বিষয়টিও আছে। প্রথম স্থানই সবচেয়ে ভালো।”
২০০৯ সালে লিগ আঁর ক্লাব মার্সেইয়ে দেশোঁর সহকারী হিসেবে যোগ দেন স্তেফোঁ। তিন বছর পর দেশোঁর সঙ্গে ফ্রান্স জাতীয় দলে চলে আসেন তিনিও।
দেশোঁর মায়ের শেষকৃত্য শুক্রবার। এদিন তার সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনা খুব একটা দেখছেন না স্তেফোঁ। এদিনই গভীর রাতে বা শনিবার ভোরের মধ্যেই দেশোঁ বস্টনে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
নরওয়ের বিপক্ষে ডিফেন্ডার উইলিয়াম সালিবা খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন স্তেফোঁ। ফরোয়ার্ড মার্কাস থুরাম পেশির সমস্যায় ভোগার কথাও জানিয়েছেন তিনি।