Published : 06 Jun 2026, 09:29 AM
চার বছর আগের বিশ্বকাপে যাত্রা থেমেছিল কোয়ার্টার-ফাইনালে। এবারের আসরে পর্তুগালের দৃষ্টি আরও দূরে। দলটির ডিফেন্ডার রুবেন দিয়াস বললেন, তাদের লক্ষ্য ফাইনালে খেলা।
ক্যারিয়ারেৱ তৃতীয় বিশ্বকাপে খেলতে যাচ্ছেন দিয়াস। জাতীয় দল ও ক্লাব ম্যানচেস্টার সিটির গুরুত্বপূর্ণ অংশ ২৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। গত বছর দেশকে দ্বিতীয় উয়েফা নেশন্স লিগ শিরোপা জিততে সাহায্য করা এই ফুটবলার এখন বিশ্বকাপ নিয়ে দারুণ রোমাঞ্চিত।
বিশ্বকাপে পর্তুগালের সেরা সাফল্য ১৯৬৬ সালের আসরে ইউসেবিওর নেতৃত্বে তৃতীয় স্থান অর্জন করা। দিয়াস, ক্রিস্তিয়ানো রোনালদো ও তাদের সতীর্থরা বিশ্বকাপ জয়ী প্রথম পর্তুগাল দল হয়ে ইতিহাস গড়ার লক্ষ্য ঠিক করেছেন।
উত্তর আমেরিকা আসরে পর্তুগাল শেষ পর্যন্ত যেতে পারবে কি না- ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে দিয়াস নিজেদের লক্ষ্যের কথা জানালেন।
“আমার মনে হয়, বিশ্বাসের চেয়েও বড় কথা হলো, আমাদের একটা লক্ষ্য আছে (ফাইনালে ওঠার)। আমরা বাস্তববাদী। কাজটা কতটা কঠিন এবং এর জন্য আমাদের কতটা পরিশ্রম করতে হবে, আমরা তা জানি।”

“টুর্নামেন্ট গড়ানোর সঙ্গে সঙ্গে, প্রতিটি ম্যাচের পর, প্রতি পদক্ষেপের পর, প্রতিটি প্রতিকূলতা পাড়ি দেওয়ার পর আত্মবিশ্বাসের এই অনুভূতিকে আরও বাড়াতে হবে। তাই আমরা পা মাটিতে রাখছি, তবে আমরা আগের চেয়ে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী।”
পর্তুগাল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১৭ জুন, হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ছয় দিন পর একই ভেন্যুতে তারা উজবেকিস্তানের মুখোমুখি হবে। আর ২৬ জুন মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলবে রবের্তো মার্তিনেসের দল।