Published : 28 Jun 2026, 04:59 PM
অস্ট্রিয়া ও আলজেরিয়ার ড্র এবং তাতে করে ইরানের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া-সব মিলিয়ে ক্যানসাস সিটির ম্যাচের ফলের দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন অনেকে। ‘সমঝোতার ম্যাচ’ হয়েছে দুই পক্ষের মধ্যে, উঠছে এমন কথাও। তবে, অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক উড়িয়ে দিলেন চারদিকে ওঠা গুঞ্জন।
ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। তাতে ‘জে’ গ্রুপের রানার্সআপ হিসেবে অস্ট্রিয়া উঠেছে নকআউট পর্বে। ইরানের স্বপ্ন ভেঙে তৃতীয় সেরা আট দলের একটি হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আলজেরিয়াও।
অস্ট্রিয়া-আলজেরিয়ার মধ্যে ধুন্ধুমার লড়াই হয়েছে শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত। ৯৩তম মিনিটে রিয়াদ মাহরেজের গোলে আলজেরিয়া এগিয়ে গিয়েছিল, তাতে ইরানের নকআউটে খেলার আশা জেগেছিল। কিন্তু এর দুই মিনিট পরই সাশা কালাইজিচ সমতা ফেরান। তাতে, হার ও ছিটকে যাওয়ার শঙ্কা এড়িয়ে গ্রুপ পর্ব পার হয় অস্ট্রিয়া।
ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে যারা ‘আতাঁতের’ গন্ধ পাচ্ছেন, তাদেরকে স্রেফ পাগল মনে হচ্ছে অস্ট্রিয়া কোচ রাংনিকের।
“এই ম্যাচে, যখন স্কোরলাইন ৩-৩, এবং বিশেষ করে, শেষ ৯০ সেকেন্ডে আমরা যা দেখলাম, তাতে কেউ বলতে পারে না, এটা সমঝোতার ম্যাচ ছিল।”
“খেলা শেষ হতে তখন তিন মিনিট বাকি। যদি তখন কেউ বলত, এটা ঘটবে, তাহলে আপনারা তাকে পাগল বলতেন। আমি প্রায় ৪০ বছর ধরে কোচিং করাচ্ছি এবং আমি মনেও করতে পারি না, এমন কোনো ম্যাচ দেখেছি কিনা, যার গতিপথ এতটা নাটকীয় এবং পরিণতি এতটা অপ্রত্যাশিত ছিল।”
‘আঁতাতের’ গুঞ্জনের কারণ মূলত, ১৯৮২ বিশ্বকাপে অস্ট্রিয়া ও পশ্চিম জার্মানির গিহনে হওয়া সেই ম্যাচটি। যে ম্যাচে ‘সমঝোতার ভিত্তিতে’ পশ্চিম জার্মানি জিতেছিল বলে অভিযোগ করা হয় এবং ম্যাচটি ‘গিহনের কলঙ্ক’ বলে পরিচিত।
সেবার, গিহনের ওই ম্যাচে পশ্চিম জার্মানির কাছে অস্ট্রিয়া হেরে যাওয়ায়, আলজেরিয়াকে বিদায় নিতে হয়েছিল বিশ্বকাপ থেকে। এবার অস্ট্রিয়া ও আলজেরিয়া ম্যাচের আগে তাই, সেই অতীত ছিল আলোচনায়।