Published : 02 Jul 2026, 02:09 AM
ওভার কমিয়ে পাঁচ ওভারের খেলা শুরুর শেষ সময় ছিল স্থানীয় সময় রাত ৯টা। এর ৪৫ মিনিট আগেই পরিত্যক্ত ঘোষণা করা হলো ম্যাচ। তখনও যে বৃষ্টি থামার নাম নেই! ভারত ও ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলা হতে পারল অর্ধেক।
চেস্টার-লি-স্ট্রিটে বুধবার শুরুর জোড়া ধাক্কা সামলে ২০ ওভারে ভারত করে ৭ উইকেটে ১৮৯ রান। তুমুল বৃষ্টির কারণে রান তাড়ার সুযোগই পায়নি ইংল্যান্ড।
ম্যাচ শুরুর আগে থেকেই আকাশ ছিল মেঘলা। ভারতের ইনিংস জুড়ে বৃষ্টি পড়ে গুঁড়িগুঁড়ি। ইনিংস শেষে শুরু হয় ভারী বৃষ্টি। ঘণ্টা খানেক অপেক্ষা করেও আর খেলা শুরু করা যায়নি।
আয়ারল্যান্ডে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অভাবনীয়ভাবে হোয়াইটওয়াশড হয়ে ইংল্যান্ডে এসেছে ভারত। টি-টোয়েন্টির টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে এ দিন ফিফটি করেন আভিশেক শার্মা ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
বিস্ময়-বালক বৈভাব সুরিয়াভানশির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষা ফুরায়নি এ দিনও। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না ভারতের। আয়ারল্যান্ডে দুই ম্যাচে ৫ রান করতে পারা সাঞ্জু স্যামসন এবার ১ রানে ফেরেন পয়েন্টে টম ব্যান্টনের দুর্দান্ত ক্যাচে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিন শূন্য রানে রান আউট হন ইশান কিষান। ভারতের স্কোর তখন ২ উইকেটে ৬।
পাওয়ার প্লেতে প্রথম তিন ওভারে ভারত করতে পারে কেবল ১৫ রান। তবে আভিশেকের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে পরের তিন ওভারে আসে ৪৬ রান!
২০ বলে ফিফটি করেন বাঁহাতি এই ওপেনার। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি এটি। ২০১৮ সালে ম্যানচেস্টারে লোকেশ রাহুলের ২৭ বলে ফিফটি ছিল আগের রেকর্ড।
পঞ্চাশ পেরিয়ে বেশিদূর যেতে পারেননি আভিশেক, এলবিডব্লিউ হন স্যাম কারানের বলে। ৬ চার ও ৪ ছক্কায় তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৫৯ রান।
এই ইনিংসের পথে পূর্ণ সদস্য দলগুলোর ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক ছোঁয়ার কীর্তিও গড়েন আভিশেক, ৭৮৫ বল। আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসের, ৭৮৯ বল।
নেতৃত্বের প্রথম সিরিজে আয়ারল্যান্ডে কেবল ১৩ রান করতে পারা শ্রেয়াস এ দিন শুরুতে সময় নেন কিছুটা। পরে রান বাড়িয়ে তিনি ফিফটি করেন ৩৮ বলে। ৬ চার ও এক ছক্কায় ৪৭ বলে ৬৮ রান করে ফেরেন ভারত অধিনায়ক।
তিলাক ভার্মা ভালো করতে পারেননি। শিভাম দুবের ৩ ছক্কা ও ২ চারে ২১ বলে অপরাজিত ৪২ রানের সুবাদে ১৮৯ পর্যন্ত যেতে পারে ভারত, যা ইংল্যান্ডের জন্য হতে পারত বেশ চ্যালেঞ্জিং লক্ষ্য। কিন্তু ব্যাটিংয়ে নামার সুযোগই তারা পেল না।
৩৩ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার সাকিব মাহমুদ।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ম্যানচেস্টারে হবে আগামী শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৮৯/৭ (স্যামসন ১, আভিশেক ৫৯, কিষান ০, শ্রেয়াস ৬৮, তিলাক ১৩, দুবে ৪২*, হার্শিত ০, আকসার ৩; উড ৩-০-৩৫-০, সাকিব ৪-০-৩৩-৩, ডসন ৩-০-২৬-০, জ্যাকস ৩-০-৩০-০, রাশিদ ৪-০-২৫-১)
ফল: ম্যাচ পরিত্যক্ত