০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

এনপিএসবি’র মার্চেন্ট চার্জ এখন ১ শতাংশ

নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 01:46 AM

Updated : 11 Sep 2026, 03:33 PM

ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মে বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা সেবা ফির সর্বনিম্ন হার ভ্যাটসহ ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে

এতদিন এ হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ; এর সঙ্গে ভ্যাট (মূল্য সংযোজন কর) যুক্ত হত।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করার পাশাপাশি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) খরচ কমানোর লক্ষ্যে এনপিএসবির মাধ্যমে সম্পন্ন হওয়া মার্চেন্ট পেমেন্টের এ চার্জ কমানো হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ সার্কুলার জারি করে সব ব্যাংক, মোইবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের প্রধান নির্বাহীদের কাছে  পাঠিয়েছে।

নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আরেক সার্কুলারে এনপিএসবির মাধ্যমে পরিচালিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) ও বাংলা কিউআরভিত্তিক লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়েছিল।

নতুন সার্কুলারে অন্যান্য ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে শুধু বাংলা কিউআর কোডভিত্তিক মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এমডিআরের সর্বনিম্ন হার ১ শতাংশ (ভ্যাট অন্তর্ভুক্ত) পুনর্নির্ধারণ করা হয়েছে।

অর্থাৎ ব্যাংক হিসাব, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ব্যবহার করে বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে ভ্যাটসহ সর্বনিম্ন ১ শতাংশ এমডিআর আদায় করতে পারবে।

কোনো অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান ডিজিটাল লেনদেনের উন্নয়নের স্বার্থে প্রমোশনাল ক্যাম্পেইনও চালাতে পারবে বলে সার্কুলারে বলা হয়েছে।