Published : 26 Jun 2026, 03:52 PM
ইঙ্গিতটা লিওনেল স্কালোনি দিয়ে রেখেছিলেন আগেই। বলেছিলেন, সময়-সুযোগ পেলে, দলের বাকিদেরও দিতে চান খেলার সুযোগ। গ্রুপ পর্ব পেরুনো নিশ্চিত হয়ে যাওয়াটা তার জন্য, বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার উপলক্ষ্য হয়ে এসেছে। জর্ডান ম্যাচে তাই দেখা যেতে পারে ভিন্ন এক একাদশকে।
সেখানে নাও থাকতে পারেন আক্রমণভাগের প্রাণভোমরা লিওনেল মেসি। আলজেরিয়া ও অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার যথাক্রমে ৩-০ ও ২-০ ব্যবধানে জেতা ম্যাচে সবগুলো গোলই এসেছে এই মহাতারকার পা থেকে।
চোটে কাটিয়ে ফেরার অস্বস্তি তার ছিল, কিন্তু মাঠের লড়াইয়ে নেমে মেসি নিজেদের মেলে ধরেছেন বরাবরের মতোই। পাঁচ গোল করে, এরই মধ্যে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন। আরও রেকর্ডের পাতায় নাম তুলেছেন নিজের।
শিরোপা ধরে রাখার অভিযাত্রায়, বিশেষ করে নকআউট পর্বে মেসিকে বড্ড প্রয়োজন আর্জেন্টিনার। জর্ডানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে তাই ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি। অবশ্য, এখনও নিশ্চিত নয়, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বিশ্রাম পাবেন কিনা। তবে, আর্জেন্টিনা কোচ, ইঙ্গিত দিয়েছিলেন, বাকিদেরও খেলার সুযোগ দেওয়ার।
“পরিকল্পনা হচ্ছে, স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কে মাঠে নামার সুযোগ দেওয়া। আমি মনে করি, তাদের এটা প্রাপ্য। যে ম্যাচে সুযোগ মিলবে, আমরা তখন পরিকল্পনাটা বাস্তবায়ন করব।”
পরিকল্পনা অনুযায়ী, মেসি বিশ্রাম পেলে, আক্রমণভাগে তার জায়গায় খেলার সম্ভাবনা বেশি নিকো পাসের। মেসি ছাড়াও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস, লেফট-ব্যাক নিকোলাস তালিয়াফিকো ও মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস ফিরেছিলেন চোট কাটিয়ে।
এদের মধ্যে আলভারেস গত দুই ম্যাচে খেলেছেন বদলি হিসেবে। অস্ট্রিয়া ম্যাচে বদলি নামেন তালিয়াফিকো ও পারেদেস। জর্ডান ম্যাচে এই তিন জনকে বেশিক্ষণ খেলাতে পারেন স্কালোনি।
অস্ট্রিয়া ম্যাচে চোট পান ক্রিস্টিয়ান রোমেরো। ৫৮তম মিনিটে তাকে তুলে নিকোলাস ওতামেন্দিকে বদলি নামান আর্জেন্টিনা কোচ। ধারণা করা হচ্ছে, জর্ডান ম্যাচে রক্ষণ সামলানোর দায়িত্ব শুরু থেকে পেতে পারেন অভিজ্ঞ ওতামেন্দি।
উত্তর আমেরিকা বিশ্বকাপে অবশ্য এখনও আর্জেন্টিনার রক্ষণভাগ তেমন কঠিন পরীক্ষায় পড়েনি। ফলে, এই দিকের শক্তি-দুর্বলতা এখনও পরখ করে দেখার সুযোগও হয়নি স্কালোনির।
জর্ডান ম্যাচেও অপ্রত্যাশিত কিছু না ঘটলে, ওতামেন্দি-মেদিনাদের কঠিন পরিস্থিতিতে পড়তে হবে না। তবে, টুর্নামেন্টের সামনের পথচলায়, কঠিন সময়ের কথা ভেবে, বেঞ্চের শক্তি যাচাই করে নিতে চাইবেন আর্জেন্টিনা কোচ।
ডালাসে রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।