Published : 19 Jul 2026, 04:45 PM
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে অনুভূতির কিছুটা দোলাচল জেরার্দ পিকের মনে। একদিকে তার দেশ স্পেন, অন্য দিকে প্রতিপক্ষ দলের সেরা তারকা লিওনেল মেসি দীর্ঘ দিনের ক্লাব সতীর্থ। তবে, পিকের চাওয়া স্পেন জিতুক বিশ্বকাপ। কেননা, দল হিসেবে তার দৃষ্টিতে ‘লা রোজা’রাই সেরা।
নিউ ইয়র্কে ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) উত্তর আমেরিকা বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। পিকের শুরুর দিকের ‘ফেভারিট’ দলের তালিকায় ছিলই না আর্জেন্টিনা!
“বিশ্বকাপ শুরু আগে আমার ফেভারিট ছিল স্পেনের সঙ্গে ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। সেভাবে ছিল না আর্জেন্টিনা। তবে, টুর্নামেন্ট শেষ পর্যন্ত যেভাবে এগিয়েছে, তাতে সর্বকালের সেরা ফাইনাল আপনারা দেখতে পারেন।”
আর্জেন্টিনা এবার এসেছে শিরোপা ধরে রাখার অভিযানে। ২০১০ সালের পর দ্বিতীয় বিশ্বকাপের স্বাদ পেতে মরিয়া স্পেন। ফ্রান্স ও ইংল্যান্ডের উদাহরণ টেনে এএসকে দেওয়া সাক্ষাৎকারে পিকে বললেন, দল হিসেবে সেরা স্পেনই। পাশাপাশি এই সাবেক স্প্যানিশ সেন্টার-ব্যাক মনে করিয়ে দিলেন, ফুটবলের এক নির্মম বাস্তবতাও।
“ফুটবলে সেরা দল বা সবাই যাদের সেরা বিবেচনা করে, তারা সবসময় জেতে না। তখন নিজেকেই জিজ্ঞেস করতে হবে, ভালো ফুটবল খেলার মানেটা কী। কেননা, এটা নির্ভর করে নির্দিষ্ট মানুষের তার পছন্দের উপর। অনেকের কাছে, ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর ফ্রান্স সেরা, কিন্তু দেখুন তারা এখন কোথায়।
“ইংল্যান্ড (সেমি-ফাইনালে) ২০ মিনিট বাজে সময় কাটিয়েছিল, তারা ছিটকে গেল। নিশ্চিতভাবে, একটা দল হিসেবে স্পেন সেরা এবং আমি নিশ্চিত, আর্জেন্টিনার মতো স্পেন ফাইনালে কারণ তারা এটার যোগ্য।”
স্পেনের জার্সিতে দ্বিতীয় তারা যোগ হোক, একান্ত চাওয়া পিকের। তবে, এখন আর খেলোয়াড়ি জীবনের মতো কট্টর নন তিনি। বললেন, ফুটবলকে এখন দেখেন উপভোগের দৃষ্টিতে। দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ মেসির হাতে শিরোপা দেখাটাও তাই তার জন্য হবে না হতাশার।
“অবসর নেওয়ার পর থেকে, আমি ফুটবলকে খুবই ভিন্নভাবে দেখি। যখন খেলতাম, তখন যা-ই ঘটুক না কেন, নিজের দলকে শেষ পর্যন্ত আগলে রাখতাম। এখন, একজন দর্শক হিসেবে, বাবার সঙ্গে যেভাবে ফুটবল দেখতাম, সেভাবেই দেখি; উপভোগ করি। আশা করি, স্পেন জিতবে, কিন্তু যদি আর্জেন্টিনা জেতে, তাহলে মেসির জন্যও খুশি হব আমি।”