Published : 22 Jun 2026, 08:47 PM
বিশ্বকাপ শুরু হতে না হতেই বড়সড় এক ধাক্কা খেয়েছে জার্মানি। চোট থাবায় আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দলটির প্রথম পছন্দের ডিফেন্ডার নিকো শ্লটারবেক।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সোমবার জানিয়েছে, অ্যাঙ্কেলের লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন ২৬ বছর বয়সী শ্লটারবেক। আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
উত্তর আমেরিকা বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা জার্মানির দুটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন শ্লটারবেক। কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে পুরোটা খেলেন তিনি।
গত শনিবার আইভরি কোস্টের বিপক্ষে খেলার সময় বাঁধে বিপত্তি। প্রথমার্ধে চোট পান তিনি। ২-১ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে আর নামাননি জার্মানদের কোচ ইউলিয়ান নাগেলসমান। তার বদলি হিসেবে খেলেন আন্টোনিও রুডিগার।
পরদিন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর জানা যায়, শ্লটারবেকের বাঁ অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ে গেছে। বিবৃতিতে জার্মানি জানিয়েছে, আপাতত দলের সঙ্গে যুক্তরাষ্ট্রেই থাকবেন বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলার।
টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ায় নতুন কোনো খেলোয়াড় স্কোয়াডে ডাকতে পারবেন না নাগেলসমান। শ্লটারবেকের অভাব অনুভব করবেন জার্মান কোচ।
“একজন অসাধারণ ডিফেন্ডার শ্লটির (শ্লটারবেক) অভাব ভীষণভাবে অনুভূত হবে। বিশেষ করে, নিচ থেকে আক্রমণ গুছিয়ে আনার তার যে চমৎকার প্রতিভা, সেটি। এটা তার বিশ্বকাপ হতে পারত। গতকাল আমরা সবাই তার মন ভালো করার চেষ্টা করেছি, সৌভাগ্যবশত সে খুব ইতিবাচক মানসিকতার ছেলে, যে কিনা এখনই ভবিষ্যতের দিকে তাকাচ্ছে।”
গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব উৎরাতে না পারা জার্মানি এবার প্রথম দুই ম্যাচে জিতেই জায়গা করে নিয়েছে পরের ধাপে। ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে শীর্ষে আছে তারা। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আইভরি কোস্ট। এক পয়েন্ট একুয়েডর ও কুরাসাওয়ের।