Published : 23 Jun 2026, 11:09 PM
লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে বাদ পড়ার ঝুঁকি সামনে আসায় শেষ মুহূর্তে ডাকা পর্ষদ সভায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিনিয়োগকারীদের ৪৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিতে চায়।
সবশেষ ২০২৫ আর্থিক হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ।
মঙ্গলবার পরিচালনা পর্ষদের এ সভায় ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন দেওয়ার তথ্য দিয়েছেন বেক্সিমকো ফার্মার কোম্পানি সচিব আসাদ উল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পর্ষদ সভায় লভ্যাংশের জন্য রেকর্ডের দিন ঠিক করা হয়েছে ২ অগাস্ট। ২০২৫ সালে শেয়ারপ্রতি আয় হয় ১৫ টাকা ৫৬ পয়সা। এর আগের বছরে যা ছিল ১৩ টাকা ৭ পয়সা।
এখন আদালত অনুমতি দিলে কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হবে, যোগ করেন তিনি।
নির্ধারিত সময়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ না করায় চলতি বছরের ২ জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গ্লোবাল ডিপোজিটরি রিসিট (জিডিআর) বা শেয়ার লেনদেন স্থগিত করা হয়।
বেক্সিমকো ফার্মা ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকাশিত এক ঘোষণায় জানায়, এআইএম রুল-১৯ অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক হিসাব নির্ধারিত সময়সীমা, অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। নিয়ম অনুযায়ী সময়মত প্রতিবেদন দাখিল করতে না পারায় ২ জানুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে লন্ডনের বাজারে কোম্পানির জিডিআর লেনদেন বন্ধ থাকবে।
সেই ঘোষণা অনুযায়ী গত সাড়ে পাঁচ মাস ধরে লন্ডনে পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটের নিয়ম অনুযায়ী, কোনো সিকিউরিটিজের লেনদেন যদি টানা ছয় মাস ধরে স্থগিত থাকে, তাহলে তাদের লেনদেনের অনুমোদন বাতিল হয়ে যায়।
এই নিয়মের ফলে তালিকা থেকেই বাদ পড়ার ঝুঁকিতে পড়ে বেক্সিমকো ফার্মা।
পরে এর ‘সম্মানজনক সমাধানের’ উদ্যোগ নিতে ঢাকায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দেন কোম্পানির লন্ডনে তালিকাভুক্ত সিকিউরিটিজের ছয়জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।
সেই প্রেক্ষাপটেই বেক্সিমকো ফার্মাকে পরিচালনা পর্ষদের সভা করতে বিশেষ অনুমোদন দেয় বিএসইসি। পরে দীর্ঘ বিরতির পর কোম্পানিটি মঙ্গলবার পর্ষদ সভা ডাকে।
এর আগে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বেক্সিমকো ফার্মার বোর্ডে ৯ জন অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে বিএসইসির প্রস্তাবকে কেন্দ্র করে উচ্চ আদালতে একটি মামলা চলছে। সে কারণে পরিচালনা পর্ষদের সভা আয়োজন করা যাচ্ছে না। আর সভা করতে না পারায় বার্ষিক প্রতিবেদনও অনুমোদন করা যাচ্ছে না।