Published : 09 Jul 2026, 03:11 PM
সেমি-ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ আবার দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্স; ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ হলেও মোহামেদ ওয়াহ্বি যেন নির্ভার। সব বিভাগেই শক্তিশালী ফরাসিদের নিয়ে আলাদা করে ভাবছেন না তিনি। মরক্কোর কোচ বললেন, গত দুই আসরের ফাইনালিস্টদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেই তার।
বস্টনে কোয়ার্টার-ফাইনালে লড়াইয়ে ১০ জুলাই বাংলাদেশ সময় ২টায় (এএম) ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।
গত আসরে চমক দেখিয়ে সেমি-ফাইনালে উঠেছিল মরক্কো। আফ্রিকা ও আরবের প্রথম দেশ হিসেবে গড়ে শেষ চারে খেলার কীর্তি। টানা দ্বিতীয়বার বিশ্ব মঞ্চের সেমি-ফাইনালে খেলার হাতছানি তাদের সামনে।
ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ শুরু করা দলটির সামনে এখন কঠিন পরীক্ষা। লড়তে হবে এখন পর্যন্ত দাপুটে ফুটবল খেলা ফ্রান্সের বিপক্ষে, যারা এবারের বিশ্বকাপের ফেভারিট দলগুলোর একটি।
প্রতিযোগিতামূলক ফুটবলে ফ্রান্সের বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে মরক্কো। যার মধ্যে চারটিতেই হেরেছে তারা, জয় পেয়েছে স্রেফ একটিতে, অন্যটি ড্র। ২৮ বছর আগের সেই জয়টিও আবার মূল ম্যাচে নয়, টাইব্রেকারে।
ফ্রান্সের বিপক্ষে আসছে লড়াইয়ে নিজেদের সহজাত ফুটবলটা খেলতে চান ওয়াহ্বি। কোনো চমক থাকবে না বলে জানিয়েছেন তিনি।
“ম্যাচের জন্য প্রস্তুতির কথা বললে, কোনো চমক থাকবে না। আমার লুকানোর কিছু নেই। আর চমক দেখাতে আমি পছন্দও করি না। যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন যে আমরা কীভাবে খেলতে চাই, সে ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে।
“বল দখলে থাকলে প্রতিপক্ষকে আঘাত করাই মূল লক্ষ্য। তবে সেটা কেবল উইং দিয়ে নয়। বল পায়ে ধৈর্য ধরতে হবে, খুঁজে বের করতে হবে আমরা কোন দিক দিয়ে- মাঝমাঠ নাকি দুই প্রান্ত দিয়ে তাদের রক্ষণ ভাঙতে পারি। আমরা যেকোনো দলকে বিপদে ফেলতে পারি, এটা প্রমাণ করেছি, আর এটাই আমাদের লক্ষ্য। তবে কৌশলগত বিষয়ে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু বলব না।”
চার বছর আগে ফ্রান্সের বিপক্ষে হেরেই ফাইনালে খেলার স্বপ্ন ভেঙেছিল মরক্কোর। ২০২২ সালে কাতারে ওই সেমি-ফাইনালে ২-০ গোলে হেরেছিল তারা। তবে এবার নিজেদেরকে নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী ওয়াহ্বি।
“প্রতিটি ম্যাচই আলাদা, এর প্রেক্ষাপট আলাদা, ইতিহাস আলাদা। এটা ২০২২ সালের ম্যাচের মতো হবে না।”