Published : 22 Jun 2026, 09:34 AM
দুই ম্যাচে একটি করে জয় ও ড্র, ৬ গোল দিয়ে ২টি হজম, ৪ পয়েন্ট- উত্তর আমেরিকা বিশ্বকাপের জাপানের বর্তমান পরিসংখ্যান। আহামরি না হলেও, বেশ ভালো। দলটির গোলকিপার, জিওন সুজুকির মনে হচ্ছে, যে লক্ষ্য নিয়ে এসেছেন, তা পূরণের সঠিক পথেই আছেন তারা।
তিউনিসিয়াকে রোববার ৪-০ গোলে উড়িয়ে, চলতি আসরে প্রথম জয় তুলে নিয়েছে জাপান। বিশ্বকাপে যাদের শেষ ষোলোয় ওঠা এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন। তবে, হাজিমে মরিয়াসুর দল এবার অতীতের প্রাপ্তি ছাপিয়ে যেতে মুখিয়ে আছে।
‘ব্লু সামুরাই’দের চাওয়া পূরণ হবে কিনা, সে উত্তর আপাতত সময়ের হাতে তোলা থাকছে। তবে, দলের সাম্প্রতিক পারফরম্যান্সে সুজুকি বড় স্বপ্নই দেখেছেন। ফিফার সাথে আলাপচারিতায় এই গোলকিপার বলেছেন, উচ্চাশা পূরণের পথে আছেন তারা।
“অবশ্যই, যে লক্ষ্য নিয়ে এসেছি, তা অর্জনের জন্য সঠিক পথেই আছি আমরা। প্রথম ম্যাচটা আমরা জিততে পারিনি, কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে পয়েন্ট আদায় করে নিয়েছিলাম এবং আজ জিতেছি।”
“এখন আমাদের মোট পয়েন্ট ৪, কিন্তু, এখনও গ্রুপে এক ম্যাচ খেলা বাকি রয়েছে। আরেকবার তিন পয়েন্ট পেতে চাই আমরা এবং গ্রুপের শেষ ম্যাচের জন্য আমাদের ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার।”
বদলি হিসেবে জাপানের হয়ে বিশ্বকাপ অভিষেক হওয়া জুনোসুকো সুজুকির স্বপ্ন আকাশচুম্বী। ২২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক অভিষেকে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বললেন, দেশে ফিরতে চান ট্রফি নিয়ে!
“জয় পাওয়ায় আমি খুবই খুশি। এই প্রথম বিশ্বকাপে খেললাম, তাই আমার উচ্ছ্বাসটা আরও বেশি। আমাদের লক্ষ্য শিরোপা জেতা।”
“কিন্তু এখন, আমাদের ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে, পরের ম্যাচ জিততে হবে এবং এরপর মনোযোগ দিতে হবে পরবর্তী ম্যাচে। এভাবেই, ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব আমরা।”