Published : 20 Jun 2026, 08:32 AM
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে অদ্ভূত এক প্রশ্নের মুখোমুখি হলেন আলেকজান্ডার শ্লাগার। লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো-কাকে বেশি পছন্দ করেন তিনি। অস্ট্রিয়া গোলরক্ষক স্পষ্টই জানিয়ে দিলেন, তার প্রিয় পর্তুগিজ তারকা। পরে অবশ্য, মেসিকে প্রশংসায় ভাসিয়ে বললেন, আর্জেন্টাইন তারকার মুখোমুখি হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
উত্তর আমেরিকা বিশ্বকাপে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায়, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ‘জে’ গ্রুপে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুরু করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া অনায়াস জয় পেয়েছে জর্ডানের বিপক্ষে, ৩-১ ব্যবধানে।
ডালাসের ম্যাচটি দুই দলের জন্যই নকআউট পর্বে খেলা নিশ্চিত করার সুযোগ। শ্লাগার ভালো করেই জানেন, আর্জেন্টিনার আক্রমণভাগের তোপ সামলাতে হবে তাকে। জাদুকর মেসির সাথে যে আক্রমণভাগে আছে লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস।
৩৯ বছর ছুঁইছুঁই মেসি আলজেরিয়া ম্যাচে দেখিয়ে দিয়েছেন, বয়স তার কাছে স্রেফ সংখ্যা। প্রতিপক্ষের জন্য তিনি আগের মতোই হুমকি। রোনালদোর প্রতি মুগ্ধতার কথা জানিয়ে অস্ট্রিয়া গোলকিপার বললেন, মেসির মুখোমুখি হতে মুখিয়ে আছেন তিনি।
“মূলত, আমি রোনালদোরই বেশি ভক্ত। তবে, মেসি এমন একজন, যিনি দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করে চলেছেন। তো তার বিপক্ষে কিছু বলা বা বলার চেষ্টা করাটা, ঔদ্ধত্য দেখানো হবে।”
“মাঠে তার উপস্থিতির অবিশ্বাস্য প্রভাব আছে এবং এটা তার দলের দিকে তাকালেই দেখা যায়। মাঠে থাকলে, সে যে প্রাণশক্তি তৈরি করে, তা দলের মধ্যে ছড়িয়ে দেয়। এবং হ্যাঁ, এ কারণেই আমি তার বিপক্ষে খেলতে এবং তাকে আটকাতে সম্ভাব্য সবটুকু করতে উন্মুখ হয়ে আছি।”