Published : 23 Jun 2026, 08:26 PM
বিশ্বকাপে ফিফার নতুন ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ম নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। এবার এই বিরতি নিয়ে অসন্তোষ জানিয়েছেন টমাস টুখেল। ইংল্যান্ডের কোচের মতে, খেলার স্বাভাবিক গতি ও ছন্দে বিঘ্ন ঘটাচ্ছে এই বিরতি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার তীব্র গরমের কথা চিন্তা করে, চলতি বিশ্বকাপে ম্যাচের দুই অর্ধে পানি পানের বিরতির নিয়ম করেছে ফিফা। দুই অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের এই বিরতি দেওয়া হয় এবং আবহাওয়ার অবস্থা যেমনই থাকুক, প্রতিটি ম্যাচেই এটি বাধ্যতামূলকভাবে নেওয়া হচ্ছে।
বাড়তি এই দুটি বিরতি নিয়ে কথা হচ্ছে অনেক। প্রায় প্রতি ম্যাচেই বিরতির সময় দর্শকেরা দুয়ো দিচ্ছেন। নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক, উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা ও বিশেষজ্ঞদের অনেকেই কড়া সমালোচনা করেছেন এটার। এই নিয়মের পক্ষেও আবার বলছেন অনেকে।
সমালোচকদের মতে, এই বিরতির কারণে ৯০ মিনিটের ম্যাচটি মূলত চার ভাগে বিভক্ত হয়ে পড়েছে। অনেকের মতে, টেলিভিশন চ্যানেলগুলোকে প্রতি অর্ধের মাঝে বাণিজ্যিক বিজ্ঞাপন দেখানোর সুযোগ করে দিতেই এমন নিয়ম করা হয়েছে।
টুখেল শুরুতে ভেবেছিলেন, এই বিরতিতে খেলায় তেমন একটা প্রভাব পড়বে না। তবে সময়ের সঙ্গে তার ধারণা বদলে গেছে। ঘানার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড কোচ বলেন, এখন তার মনে হচ্ছে, ফুটবলের রূপই বদলে যাচ্ছে বাড়তি এই বিরতির কারণে।
“আমার মনে হয়, এটা (হাইড্রেশন ব্রেক) খেলার ছন্দে ব্যাঘাত ঘটাচ্ছে এবং একটা ফুটবল ম্যাচের স্বকীয়তা বদলে দিচ্ছে, যা আমার অনুমানের চেয়েও বেশি।”
“অবশ্যই হাইড্রেশন ব্রেকের অভিজ্ঞতা আগেও হয়েছে আমার, যখন প্রচণ্ড গরমের কারণে এটা প্রয়োজন ছিল। কিন্তু সেগুলো ছিল খুবই সংক্ষিপ্ত এবং কেবল কয়েকটা ম্যাচে দেওয়া হতো। তবে এখন এটা প্রতি ম্যাচকে প্রায় চার ভাগে ভাগ করে ফেলছে। আমার মনে হয়, এটা ম্যাচের স্বাভাবিকতাকে আমার ধারণার চেয়েও বেশি বদলে দিচ্ছে।”
সবশেষে টুখেল আরও স্পষ্ট করে বললেন, ফুটবলের আসল সৌন্দর্য নষ্ট করছে পানি পানের এই বিরতি।
“অবশ্যই কোচ হিসেবে আমি এটা ভালোই লাগে, কারণ খেলোয়াড়দের একসঙ্গে পাওয়া যায় এবং (কৌশল ঠিক রেখে) খেলায় প্রভাব রাখার সুযোগ বাড়ে। তবে সামগ্রিকভাবে আমি ফুটবলকে তখনই বেশি উপভোগ করি যখন এক অর্ধের খেলা একটানা চলে। কারণ এতে খেলায় মোমেন্টাম তৈরি হয়।”
“ফুটবলে ছন্দ খুঁজে পাওয়া এবং সেটা ধরা রাখা খুবই কঠিন…খেলা দীর্ঘ সময় ধরে একটানা চললে (সেটা পাওয়া যায়), আর সেটাই এই সুন্দর খেলার বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। এই হাইড্রেশন ব্রেক সেই সৌন্দর্যটাই কেড়ে নিচ্ছে।”