Published : 27 Jun 2026, 01:23 PM
ফ্লোরিডায় ঝড়-বৃষ্টির কারণে অনুশীলনে বিঘ্ন ঘটলেও, পরের ম্যাচের প্রস্তুতি নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন রবের্তো মার্তিনেস। মাসের পর মাস ধরে নেওয়া সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে কলম্বিয়ার বিপক্ষে লড়াইয়ে জন্য তার দল ‘নিখুঁতভাবে প্রস্তুত’ বলে মনে করছেন পর্তুগাল কোচ।
গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে সামলানোর জন্য বিশ্বকাপের পর্দা ওঠার আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে পর্তুগাল। ম্যাচটি নিয়ে পরিকল্পনা মতো এগিয়ে এখন মাঠে নামার অপেক্ষায় তারা। বাংলাদেশ সময় রোববার ভোরে মায়ামিতে কলম্বিয়ার মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
তিন মাস ধরে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটির জন্য নিজেদের তৈরি করছে পর্তুগাল। মায়ামিতে অনুষ্ঠেয় লড়াইটির জন্যই মূলত ফ্লোরিডার পাম বিচ গার্ডেন্সে বেইস ক্যাম্প করেছে তারা।
বিশ্বকাপ শুরুর পর গত ১৪ জুন একবার বিরূপ আবহাওয়ার কারণে পর্তুগালের অনুশীলনে ব্যাঘাত ঘটে। গত বৃহস্পতিবার ঘটল একই কাণ্ড। ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের খবর, তীব্র বজ্রঝড়ের কারণে অনুশীলন সেশন শুরু করার প্রায় আধা ঘণ্টা পরই বন্ধ করে দিতে বাধ্য হয় পর্তুগাল।
মার্তিনেসের সংবাদ সম্মেলনে ওঠে ওই প্রসঙ্গ। কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ঘাটতি আছে কিনা, জানতে চাওয়া হয় তার কাছে। তখন তিনি বলেন, ম্যাচটি নিয়ে দীর্ঘ দিনের পরিকল্পনার কথা।
“মার্চ থেকে কলম্বিয়া ম্যাচের প্রস্তুতি শুরু করেছে…মায়ামির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এখানে আমরা এরই মধ্যে ১৩টি অনুশীলন সেশন করে ফেলেছি। মায়ামিতে (ফ্লোরিডা) থাকার পরিকল্পনাই করা হয়েছিল কলম্বিয়া ম্যাচের প্রস্তুতির জন্য।”
“ইউরোপের মাঠগুলোর তুলনায় এখানকার স্টেডিয়াম এবং মাঠ ও ঘাস সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্ন কন্ডিশনে খেলার যে শারীরিক চ্যালেঞ্জ, তার জন্য খেলোয়াড়রা পুরোপুরি প্রস্তুত। আমরা ঠিক এই কাজটাই করেছি—যুক্তরাষ্ট্রে পা রাখার প্রথম দিন থেকেই আমরা নিজেদের প্রস্তুত করেছি।”
‘কে’ গ্রুপ থেকে এরই মধ্যে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে কলম্বিয়া ও পর্তুগাল। দুই ম্যাচই জিতে শীর্ষে আছে লাতিন আমেরিকার দলটি। নবাগত ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করা পর্তুগাল দুইয়ে ৪ পয়েন্ট নিয়ে। কঙ্গোর পয়েন্ট ১, আরেক নবাগত উজেবকিস্তান পয়েন্টের খাতা খুলতে পারেনি।