Published : 13 Jun 2026, 04:12 PM
১৬ বছর পর বিশ্বকাপে ফেরার আনন্দ ভেসে যাওয়ার জোগাড় প্রথম ম্যাচেই! যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে প্যারাগুয়ে। স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ কোচ গুস্তাভো আলফারো। বাজে শুরুর পর ভীষণ কঠিন গ্রুপে টিকে থাকতে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে শনিবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে হেরেছে প্যারাগুয়ে। নক আউট পর্বে যাওয়ার সমীকরণে পয়েন্টের পাশাপাশি গোল পার্থক্যেরও একটা ভূমিকা থাকতে পারে। টুর্নামেন্টে টিকে থাকতে আপাতত পয়েন্টের দিকেই মনোযোগ দিতে চান প্যারাগুয়ে কোচ।
“নক আউট পর্বে যেতে যে পয়েন্ট প্রয়োজন, আমাদের সেদিকেই মনোযোগ দিতে হবে। আজ বিশ্বকাপ শুরু হয়েছে, শেষ হয়ে যায়নি। শেষ মিনিট পর্যন্ত আমরা পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়াই চালিয়ে যাব।”
নিজেদের পরের ম্যাচে তুরস্কের বিপক্ষে খেলবে প্যারাগুয়ে। গ্রুপ পর্বে তাদের শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।