Published : 05 Jul 2026, 12:36 PM
আর্লিং হলান্ডকে ঠেকিয়ে রাখতে পারা মানেই ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যাওয়া। কার্লো আনচেলত্তি খুব ভালো করেই জানেন এটা। তবে যে কোনো মূল্যে হলান্ডকে জালবন্দি করার কোনো পরিকল্পনা তার নেই বলেই দাবি করলেন ব্রাজিলের কোচ। তার মতে, দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকারকে আটকানোর উপায় ভালো করেই জানা আছে তার ডিফেন্ডারদের।
জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ে রোমাঞ্চকর জয়ের পর ব্রাজিলের সামনে অপেক্ষায় আরেকটি পরীক্ষা। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা লড়বে এবারের আসরে ‘ডার্ক হর্স’ নরওয়ের বিপক্ষে।
নরওয়ের মাঝমাঠ ও আক্রমণভাগ দারুণ ক্ষুরধার। সেখানেই সবচেয়ে ধারাল অস্ত্র হলান্ড। এবারের আসরে পাঁচ গোল করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির তারকা।
আনচেলত্তির রণ পরিকল্পনায় বড় অংশজুড়েই থাকার কথা হলান্ডকে নিষ্ক্রিয় রাখার উপায়। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তির জোর দিয়েই বললেন, শুধু এই স্ট্রাইকারকে ঘিরেই অতি ব্যস্ত নন তিনি।
“আমি মনে করি না যে ‘অ্যান্টি-হলান্ড’ কোনো পরিকল্পনা এখানে আছে। কীভাবে রক্ষণ সামলাতে হবে, আমার ছেলেদেরকে তা বলার প্রয়োজন নেই। তারা কয়েকবার পরস্পরের মুখোমুাখ হয়েছে এবং কাজটা জানে। আমাদের দল সর্বোত্তম অবস্থায় আছে। তবে, হ্যাঁ আমাদের উন্নতি চালিয়ে যেতে হবে।”
“সবাই জানে সে (হলান্ড) কীভাবে খেলে। তার বিপক্ষে কীভাবে খেলতে হবে, তা আমার ডিফেন্ডারদের বুঝিয়ে বলার কিছু নেই। তারা স্পষ্টতই তার বিপক্ষে বেশ কয়েকবার খেলেছে, তাই আমরা শুধু ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত থাকা, প্রতিপক্ষের মৌলিক বৈশিষ্ট্যগুলো বোঝা এবং তাদের আক্রমণভাগের বিপজ্জনক দিকগুলো বোঝার দিকেই মনোযোগ দিচ্ছি।”
আনচেলত্তির চোখে, নরওয়ে দারুণ সুশৃঙ্খল দল। তবে ব্রাজিল দলও এখন খুব ভালো অবস্থায় আছে বলে মনে করেন কোচ।
“নরওয়ে দারুণ লড়িয়ে দল, যাদের কাঠামো চমৎকার এবং খুব গোছানো ফুটবল খেলে। তাই আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে। তবে আমরা এখন এমন একটি পর্যায়ে আছি, যখন আমরা আমাদের সেরাটা খেলতে পারব, কারণ আমরা আত্মবিশ্বাসী এবং জাপানের বিপক্ষে একটি কঠিন ম্যাচ খেলে এসেছি।”
আগের ম্যাচগুলোয় দারুণ পারফর্ম করা ব্রুনো গিমারাইস অবশ্য দারুণ সমীহ করছেন হলান্ডকে। নরওয়ের তারকাকে ন্যূনতম সুযোগ দিতে চান না তারা।
“সে সত্যিই অসাধারণ। তাকে মার্ক করতে হবে আমাদের এবং আক্রমণ করতে হবে।”
“আক্রমণ আমাদের করতেই হবে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যে, কেউ যেন তার ওপর নজর রাখে, কারণ একটি সুযোগেই সে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে এবং আমরা তাকে সেই সুযোগ দিতে চাই না।”
জাপানের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মিডফিল্ডার লুকাস পাকেতাকে ছাড়াই খেলবে ব্রাজিল। তবে উরুর চোট কাটিয়ে বার্সেলোনার ফরোয়ার্ড হাফিনিয়া দলে ফিরতে পারেন।
ব্রাজিলের রক্ষণভাগে মার্কিনিয়োস ও গাব্রিয়েল মাগালাইস দারুণ খেলছেন এখনও পর্যন্ত। নরওয়েল কোচ স্তলে সুরবাকেনের মতে, দুই অভিজ্ঞ সেন্টার-ব্যাকের সঙ্গে তুমুল লড়াই হবে হলান্ডের।
“ব্রাজিলের ডিফেন্ডার জুটিকে এই টুর্নামেন্টের সেরাগুলোর মধ্যে রাখতে হবে। এমন দুজন আছেন, আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ কাতারের। তাদের সঙ্গে আর্লিংয়ের মধ্যে কিছু কঠিন লড়াই হবে। তবে সেটিই শেষ কথা নয়, আমার কাছে এটি ব্রাজিল বনাম নরওয়ের লড়াই।”