Published : 23 Jun 2026, 08:35 PM
দুই দলের জন্যই বিশ্বকাপের শুরুটা হয়েছে জয় দিয়ে। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে এবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ঘানা।
বস্টনে ‘এল’ গ্রুপের ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায়।
ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে অভিযান শুরু করেছে ইংল্যান্ড। পানামার বিপক্ষে ৯৫তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে জিতেছে ঘানা।
আসরে দুই দলের দ্বিতীয় ম্যাচের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:
১
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ঘানা। তাদের আগে একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০১১ সালের মার্চে, ওয়েম্বলিতে প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
৮
বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে আট ম্যাচে কখনও হারেনি ইংল্যান্ড (৫ জয়, ৩ ড্র)।
৫০
ঘানার বিপক্ষে মাঠে নামলে ইংল্যান্ডের হয়ে ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন জুড বেলিংহ্যাম, ২২ বছর ৩৫৯ দিন বয়সে। সেক্ষেত্রে ইংল্যান্ডের জার্সিতে ম্যাচ খেলার ফিফটি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন তিনি।
১০
রেকর্ডের হাতছানি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের সামনেও। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা গ্যারি লিনেকারের (১০) পাশে বসেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। ঘানার বিপক্ষে জালের দেখা পেলে রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।
৬-২
পানামার বিপক্ষে ম্যাচটি দিয়ে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে টানা পাঁচটি আসরে ডাগআউটে দাঁড়ানোর কীর্তি গড়েন ৭৩ বছর বয়সী কার্লোস কেইরস। বিশ্ব ফুটবলের খুব অভিজ্ঞ কোচদের একজন তিনি। স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচ হিসেবে কাজ করায় ইংল্যান্ডেও তিনি বেশ সুপরিচিত।
বিশ্বকাপে কেইরস আগেও ইংল্যান্ডের মুখোমুখি হয়েছেন। ২০২২ সালের আসরে তার তখনকার দল ইরানকে ৬-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপে কোচ হিসেবে কেইরসের সবচেয়ে বড় হার সেটি।