Published : 16 Jul 2026, 11:28 AM
আরও একটি প্রত্যাবর্তনের গল্প লিখে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পর, পুরনো বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে আর্জেন্টিনা। ‘মালভিনাস আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেছেন দলটির ফুটবলাররা। এতে ফিফার নিয়ম ভেঙেছে কিনা বিশ্ব চ্যাম্পিয়নরা, উঠছে সেই প্রশ্ন।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে তারা।
ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক কোনো ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক কিংবা অন্যান্য সামগ্রী প্রদর্শন নিষিদ্ধ।
আর্জেন্টিনার ফুটবলারদের রাজনৈতিক ব্যানার প্রদর্শন নিয়ে তাৎক্ষণিকভাবে ফিফা কোনো মন্তব্য করেনি।
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জকে ব্রিটিশরা ‘ফকল্যান্ডস’ এবং আর্জেন্টাইনরা ‘মালভিনাস’ নামে চেনে। সেই দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশ একটি সংক্ষিপ্ত যুদ্ধে জড়ায়, যেখানে ৬৪৯ জন আর্জেন্টাইন সৈন্য এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। শেষ পর্যন্ত ব্রিটেন এই যুদ্ধে জয়ী হয়।
আর্জেন্টিনার দীর্ঘদিনের দাবি, ১৮১৬ সালে স্বাধীনতার পর তারা স্পেনের কাছ থেকে এই দ্বীপপুঞ্জের উত্তরাধিকার লাভ করে এবং ১৮৩৩ সালে ব্রিটেন একটি অবৈধ ঔপনিবেশিক পদক্ষেপের মাধ্যমে এর নিয়ন্ত্রণ কেড়ে নেয়।
দুই দেশের সম্পর্ক উত্তপ্ত ছিল সেখা থেকেই। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে যখন মুখোমুখি হয় তারা, ফুটবল আর রাজনীতি মিলেমিশে যুদ্ধ পরিস্থিতিই তৈরি হয়। সেই ম্যাচে দিয়েগো মারাদোনা হাত দিয়ে গোল করায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে আরও। মারাদোনা পরে একক প্রচেষ্টায় অসাধারণ এক গোলও উপহার দেন। আর্জেন্টিনা ম্যাচটি জিতে নেয় ২-১ গোলে।
এরপর যতবার দুই দেশ মুখোমুখি হয়েছে, বিশেষ করে বিশ্বকাপে, ফকল্যান্ড যুদ্ধও ঘুরেফিরে এসেছে বারবার। এবারও এর ব্যতিক্রম হয়নি। ম্যাচের আগে তো বটেই, ম্যাচ শেষে সেই যুদ্ধের প্রসঙ্গ মাঠেই টেনে আনেন আর্জেন্টিনার ফুটবলাররা।
সেমি-ফাইনালের পর লিসান্দ্রো মার্তিনেস ও শিওভানি লো সোলসো মুখে হাসি নিয়ে সাদা কাপড়ে কালো অক্ষরে লেখা ‘মালভিনাস আর্জেন্টিনার’ ব্যানার দর্শকদের উদ্দেশ্যে প্রদর্শন করেন। এই ব্যানার তারা কোথায় পেলেন সেটা স্পষ্ট নয়।
বিশ্বকাপ চলাকালে রাজনৈতিক ব্যানার প্রদর্শন নিয়ে এটাই প্রথম বিতর্ক নয়। গত মাসে লস অ্যাঞ্জেলসে ইরানের ম্যাচে তেহরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে পরিচিত বিপ্লব-পূর্ব ইরানি পতাকা নিয়ে উপস্থিত হয়েছিলেন ইরানি-আমেরিকান সমর্থক। তবে সেসব ম্যাচ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল।