Published : 21 Jun 2026, 04:18 PM
উত্তর আমেরিকা বিশ্বকাপে প্রত্যাশিত শুরু না পাওয়ার পর স্পেনের দিকে ধেয়ে আসছে সমালোচনার তীর। সৌদি আরবের ম্যাচ সামনে, অথচ ওই রেশ রয়ে গেছে এখনও। এই সমালোচনার মধ্যেই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার রসদ খুঁজছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময়, রোববার রাত ১০টায় সৌদি আরবের বিপক্ষে খেলবে স্পেন। ম্যাচটি হবে আটলান্টায়।
এ মাঠেই, শুরুর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খেয়েছিল স্পেন। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল নবাগত দলটি। অথচ, এবারের আসরের শিরোপার দাবিদারদের মধ্যে একটি স্পেন!
ওই ম্যাচে হারানো আস্থা ফেরানো, চলতি আসরে প্রথম জয় পাওয়া- স্পেনের জন্য এসব পূরণের উপলক্ষ্য হয়ে এসেছে সৌদি আরব ম্যাচ। দলটির কোচও এখন তাকিয়ে এদিকে। তবে, তীর্যক সমালোচনায় যে কিছুটা বিরূপ প্রভাব ফেলছে ছেলেদের উপর, বলতে ভোলেননি সেটাও।
“আমরা একটা বলয়ের মধ্যে বাস করি, কিন্তু সমালোচনা আমাদের অনুপ্রাণিত করে। কেননা, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার ফুটবলার আমাদের আছে।”
“এবং আমাদের সম্পর্কে যত কিছু বলা হয়, আমি আসলেই এগুলোকে গুরুত্ব দেই না। যদিও, কিছু খবর আমি শুনি এবং আপনারা কখনই জানবেন না, এগুলোর কতটুকু আমি জানি বা জানি না। তবে, এর একটা প্রভাব ছেলেদের উপর পড়তে পারে।”
সেই প্রভাব কাটিয়ে, মাঠে নিজেদের মেলে ধরতে প্রস্তুত দল, বিশ্বাস দে লা ফুয়েন্তের। সৌদি আরব ম্যাচে অতীতে অনুভব করা ভালো অনুভূতি ফিরে আসবে, মনে করেন ৬৫তম জন্মদিন পালন করতে যাওয়া কোচ।
“ছেলেরা এগুলোর সাথে মানিয়ে নিচ্ছে। তারা যে বিষয়গুলো সম্পর্কে জানে, আপডেট আছে, সেটা ঠিকাছে এবং আমি আপনাদের বলতে পারি, ছেলেরা আসলে, আসলেই মুখিয়ে আছে মাঠে নামতে এবং তারা একেবারে আলাদা পারফরম করবে সৌদি আরবের বিপক্ষে।”
“হতাশায় মুষড়ে যাওয়ার কিছু নেই, আমরা অনুপ্রাণিত। এ ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি। আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং যে অনুভূতিটা হারিয়ে ফেলেছি, সেটা ফিরিয়ে আনতে চাই।”