Published : 20 Jun 2026, 06:50 PM
একুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও আত্মবিশ্বাসের যেন কমতি নেই কোত দি ভোয়ার। পরের ম্যাচে শক্তিশালী জার্মানিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চান দলটির কোচ আইমার্স ফাই।
অন্তিম সময়ের গোলে, একুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে পথচলা শুরু করে কোত দি ভোয়া। সেদিন তাদের জয়ের আনন্দে ভাসান বদলি নামা আমাদ জিয়ালো। তাদের সামনে হাতছানি নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম দুই ম্যাচেই জয়ের কীর্তি গড়ার।
তবে সেই লক্ষ্য পূরণে তাদের পাড়ি দিয়ে হবে কঠিন পথ, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির চ্যালেঞ্জ। যারা বিশ্বকাপ অভিযান শুরু করেছে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে।
ফাই অবশ্য এসব নিয়ে একদমই ভাবছেন না। ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশন্স চ্যাম্পিয়নদের কোচ জার্মানদের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছেন না।
“আমরা এখানে জার্মানদের খেলা দেখতে আসিনি। এখানে এসেছি তাদের হারাতে এবং দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করতে।”
“তবে সবকিছুর আগে, আগামীকালের ম্যাচের পর ফিলাডেলফিয়ায় আমাদের বেইস ক্যাম্পে কেবল ৬ পয়েন্ট নিয়েই ফিরতে চাই না, সেই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফেরার ব্যাপারে নিশ্চিত হতে চাই।”
প্রতিপক্ষ জার্মানি হলেও কৌশলে বদল আনতে নারাজ ফাই। গত দুই বছরেরও বেশি সময় ধরে এক সঙ্গে কাজ করায় দিনকে দিন তাদের আত্মবিশ্বাস আরও বাড়ছে বলে মনে করছেন তিনি।
“আমরা এক সঙ্গে উন্নতি করছি এবং ম্যাচের আগের দিন এসে নিজেদের চেনা কৌশলে বদল আনব না। আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে চাই, নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগাতে চাই এবং দুর্বলতাগুলো যতটা সম্ভব আড়াল করতে চাই।”
“তবে অন্য যেকোনো ম্যাচের জন্য যেভাবে প্রস্তুতি নিয়ে থাকি, জার্মানির বিপক্ষেও সেভাবে নিয়েছি।”
ফাইয়ের কোচিংয়ে সবশেষ ১০ ম্যাচের ছয়টিতে কোন গোল হজম করেনি কোত দি ভোয়া। জার্মানির বিপক্ষে তাদেরকে আন্ডারডগ মনে করা হলেও, এসবকে পাত্তা নিচ্ছেন না দলটির কোচ।
“একুয়েডরের বিপক্ষেও আমরা ফেভারিট ছিলাম না। সবকিছু উজাড় করে খেলেছিলাম এবং আগামীকাল আমরা আরেকটি শক্তিশালী দলের বিপক্ষে খেলব। ফেভারিট হওয়া না হওয়া নিয়ে ভাবছি না। আমাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা।”
টরোন্টেতে শনিবার বাংলাদেশ সময় রাত দুইটায় জার্মানির মুখোমুখি হবে কোত দি ভোয়া।