Published : 26 Jun 2026, 02:29 PM
কার্লো আনচেলত্তির ব্রাজিল যে বিশ্বের সেরা দলের একটি তা নিয়ে কোনো সন্দেহ নেই জাপান কোচ হাজিমে মরিয়াসুর। তবে শেষ বত্রিশে পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে যে জাপান প্রাণপণে লড়াই করবে তা নিয়েও কোনো সংশয় নেই তার।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরের লড়াইয়ে সুইডেনের সঙ্গে ১-১ ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়েছে জাপান। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলকে।
গত অক্টোবরে সবশেষ মুখোমুখি হয় এই দল। টোকিওতে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় পায় জাপান। ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের ওই আত্মবিশ্বাস নকআউটের লড়াইয়েও নিয়ে আসতে চান মরিয়াসু।
“সবশেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আমরা প্রমাণ করেছিলাম যে, আমাদের সহজে পেরিয়ে যাওয়া যাবে না। এটা আমাদের জন্য দারুণ অগ্রগতি। ব্রাজিল বিশ্বের সেরা দলের একটি। আর আমরা তাদের অনেক শ্রদ্ধা করি।”
“আমরা জানি না, ম্যাচে কী ঘটবে। তবে আমাদেরও জয়ের সুযোগ থাকবে।”
দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় জাপান। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। সুইডেন সমতা ফেরানোর পর গোলের তেমন চেষ্টায় যায়নি জাপান। আর গোল না খাওয়ার দিকে মনোযোগ দেন মরিয়াসু।
“আমরা একটা গোল হজম করলাম আর ফুটবলে এটা হয়েই থাকে।”
আগামী সোমবার হিউস্টনে শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।