Published : 26 Jun 2026, 03:17 PM
টি-টোয়েন্টি ব্লাস্টে প্রতি দলে বিদেশি ক্রিকেটার খেলতে পারেন দুজন। নটিংহ্যামশায়ারের হয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডা ও পাকিস্তানের মোহাম্মাদ আলি। এবার সেখানে চুক্তিবদ্ধ হয়েছেন মোহাম্মাদ আমির এবং তিনজন একসঙ্গেই খেলবেন সামনের ম্যাচগুলোয়। কারণ, আমির এখন আর বিদেশি নন, তিনিও ব্রিটিশ!
আমিরের স্ত্রী নার্জিস খাতুন যুক্তরাজ্যের নাগরিক। আইনজীবী স্ত্রীর সূত্রেই ব্রিটিশ পাসপোর্ট পেয়ে গেছেন আমির। স্থানীয় ক্রিকেটার হিসেবেই এখন তিনি খেলতে পারবেন ইংল্যান্ডে। আরও বড় হাতছানি আছে তার সামনে। খেলার সুযোগ থাকবে তার আইপিএলেও, যেভাবে ভারতের ফ্র্যাঞ্চাইজি আসরে খেলেছিলেন আজহার মেহমুদ।
প্রথম আসরের পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ। তবে ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর তিন মৌসুমে এই টুর্নামেন্টে খেলেছিলেন আজহার। ২০১২ ও ২০১৩ আসরে খেলেছিলে তিনি কিংস ইলেভেন পাঞ্জাবে, দারুণ পারফর্মও করেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। ২০১৫ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অবশ্য কেবল একটি ম্যাচই খেলেছিলেন।
আমিরও সেই পথ অনুসরণ করবেন কি না, সেটি বলবে সময়। তবে তার সামনে আরও অনেক সুযোগের দুয়ার খুলে যাচ্ছে এখন। দা হান্ড্রেড টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটার হিসেবে ট্রেন্ট রকেটস তাকে পেতে চায় বলে জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।
টি-টোয়েন্টি ব্লাস্টে আগে এসেক্স, ডার্বিশায়ার ও গ্লস্টারশায়ারে খেলেছেন আমির। এবার নটিংহ্যামশায়ারে খেলার সুযোগ পেয়ে ৩৪ বছর বয়সী পেসার উচ্ছ্বসিত।
“নটসে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। এই ক্লাব সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি আমি এবং তাদের হয়ে খেলতে মুখিয়ে আছি। ট্রেন্ট ব্রিজে আমার অনেক অনেক স্মৃতি আছে। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই হলো বিনোদন এবং এই দলের জন্য ভালো কিছু করতে ও দর্শকদের খুশি করতে নিজের সর্বোচ্চ চেষ্টাই করব।”
আমিরকে দলে পেয়ে দারুণ খুশি নটিংহ্যামশায়ারের কোচ পিটার মুরস।
“পাওয়ারপ্লে এবং ইনিংসের শেষভাগ, উভয় ক্ষেত্রেই অসাধারণ দক্ষ মো (আমির)। পাশাপাশি চাপের মুখে ভালো খেলার মতো মানসিক শক্তিও তার আছে, যা তাকে বিশ্বজুড়ে বিভিন্ন দলের কাছে এত মূল্যবান করে তুলেছে।”
পাকিস্তানের হয়ে ১৭ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলা আমির ২০২৪ সালে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটকে।