Published : 03 Jul 2026, 07:03 PM
পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জটা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মৃতিকে অমলিন করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে লিভারপুল। দুইজনের প্রথম মৃত্যুবার্ষিকীর আগে তাদের স্মরণে অ্যানফিল্ডে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ উন্মোচন করেছে ইংলিশ ক্লাবটি।
স্তম্ভটির নাম দেওয়া হয়েছে ‘ফরএভার ২০।’ লিভারপুলে ২০ নম্বর জার্সি পরে খেলতেন জটা। অ্যানফিল্ড স্টেডিয়ামের বাইরে ‘৯৭ অ্যাভিনিউ’-তে স্থাপন করা হয়েছে এটি। গত বছর দুই ভাইয়ের মৃত্যুর পর সমর্থকরা এই স্থানেই হাজার হাজার ফুল, স্কার্ফ, ব্যানার ও শ্রদ্ধাঞ্জলি রেখে গিয়েছিলেন।
গত বছরের ৩ জুলাই স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়ি দুর্ঘটনায় এক সঙ্গে প্রাণ হারান ২৮ বছর বয়সী জটা ও তার ভাই সিলভা। তাদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে আগুন ধরে বিস্ফোরিত হয়।
শিল্পী এমা রজার্সের নকশায় তৈরি স্মৃতিস্তম্ভটির কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘হৃদয়’ আকৃতির একটি ভাস্কর্য, যা জটার পরিচিত গোল উদযাপনের ভঙ্গি থেকে অনুপ্রাণিত। এছাড়া এটিকে ভিন্ন ভিন্ন দিক থেকে দেখলে এতে ২০ ও ৩০ সংখ্যাও ফুটে ওঠে, যা দুই ভাইয়ের জার্সি নম্বর।
লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্মৃতিস্তম্ভটিতে সমর্থকদের রেখে যাওয়া বিভিন্ন স্মারকচিহ্নও যুক্ত করা হয়েছে; যার মধ্যে ভাস্কর্যের ভেতরে গেঁথে দেওয়া স্কার্ফ এবং জার্সির অংশবিশেষও রয়েছে।
এছাড়া, এক সমর্থকের রেখে যাওয়া একটি ফুলের ব্রোঞ্জের প্রতিরূপ এবং একটি প্লে-স্টেশন কন্ট্রোলারও এতে স্থান পেয়েছে—যা জটার গেমিংয়ের প্রতি ভালোবাসা এবং তার গোল উদযাপনের ভঙ্গিমার প্রতি সম্মান জানিয়ে যুক্ত করা হয়েছে।
ভাস্কর্যটির বেদীতে দুই ভাইয়ের প্রতি উৎসর্গীকৃত বার্তা রয়েছে এবং এতে তাদের জন্মভূমি পর্তুগালের গন্দোমারের পাথর ব্যবহার করা হয়েছে।
স্মৃতিস্তম্ভটিতে জটাকে নিয়ে লিভারপুল সমর্থকদের জনপ্রিয় গানের কিছু লাইনও সংযোজন করা হয়েছে। ‘ব্যাড মুন রাইজিং’ গানের সুরে তৈরি এই গানটি গত মৌসুমে অ্যানফিল্ডে প্রতিটি ম্যাচের ২০তম মিনিটে সমর্থকেরা গেয়ে তাকে স্মরণ করেছিলেন।
বিবৃতিতে লিভারপুল বলেছে, “ভালোবাসা, ঐক্য ও স্মৃতির এক স্থায়ী প্রতীক হয়ে থাকবে ‘ফরএভার ২০।’ যেখানে এসে সবাই তাদের শ্রদ্ধা জানাতে এবং স্মরণ করতে পারবেন।”