Published : 12 Jul 2026, 09:04 PM
নরওয়ে বাধা পার হওয়ার পর, সতীর্থদের প্রচেষ্টার প্রশংসায় পঞ্চমুখ হলেন জুড বেলিংহ্যাম। তার সাথে দ্বিমত নেই টমাস টুখেলের। তবে, বিশ্বকাপের সামনের পথচলায় আরও উন্নতির তাগিদ দিলেন কোচ।
কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়ার পর, ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড। জোড়া গোলে দলের জয়ের নায়ক বেলিংহ্যাম। আসরে এখন পর্যন্ত ইংল্যান্ডের ১৩ গোলের ১২টিই করেছেন বেলিংহ্যাম ও হ্যারি কেইন।
মায়ামিতে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ৩৬তম মিনিটে গোল করে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয় প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা নরওয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে, সমতা ফিরিয়ে সেই চাপ কমিয়ে দেন বেলিংহ্যাম। শেষ দিকে করেন জয়সূচক গোলটিও।
নরওয়ে শুরুতে এগিয়ে যাওয়ায় টুখেল অসন্তুষ্ট হয়েছিলেন, এটা জানতে পেরেছিলেন বেলিংহ্যাম। প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে জয়ের পর, ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই ফরোয়ার্ড সরাসরি কোচের ওই মনোভাব নিয়ে কিছু বলেননি। তবে, শুধু সতীর্থদের প্রশংসায় ভাসিয়ে যেন নিজের অসন্তুষ্টি জানিয়ে দেন।
“ওহ ঠিকাছে, যাই হোক…মাঠে পরিস্থিতি কঠিন ছিল। কঠিন একটা ম্যাচ হলো। চ্যালেঞ্জের মুখে সব খেলোয়াড়কেই কঠিন পরিশ্রম করতে হয়েছে। তাই মাঠে আবারও কঠোর পরিশ্রম করা খেলোয়াড়দের প্রচেষ্টায় আমি খুশি।”
ম্যাচের পর টুখেলের সংবাদ সম্মেলনও শুরু হয়, বেলিংহ্যামের ওই মন্তব্যের সুত্র ধরে। শিষ্যের সাথে একমত হয়েই, এই জার্মান কোচ জানিয়ে দেন নিজের ভাবনা।
“অবশ্যই, এ নিয়ে কারো দ্বিমত নেই। তারা যে পরিশ্রম করেছে, তাদের প্রচেষ্টা, দলীয় চেতনা, বিশ্বাস- এসবে আমি মুগ্ধ। প্রতিকূলতা কাটিয়ে উঠে, লড়াই করে জয়ের পথ খুঁজে নেওয়ার মানসিকতা, সর্বোচ্চ পর্যায়ের। এজন্য তাদের প্রশংসা করে শেষ করা যাবে না।
“কিন্তু আমি একজন ফুটবল কোচও এবং আমি মনে করি, আমরা আরও ভালো খেলতে পারি। সাধারণভাবে, আমার মনে হয় না, এটা উঁচু মানের পারফরম্যান্স ছিল। আমার মনে হয়, এর চেয়ে ভালো আমরা (অতীতে) খেলেছি। আমার বিশ্লেষণী মন এবং ফুটবল কোচ সত্তা এখনও মনে করে, আমরা আরও ভালো ফুটবল খেলতে পারি এবং আমাদের তা খেলতেই হবে।”
ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার আটলান্টায় বাংলাদেশ সময় ১টায় (এএম) আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।