Published : 12 Jul 2026, 09:48 PM
ভারি বৃষ্টিতে ক্যাম্পাসে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ক্লাস চলবে।
পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার’ কথা বলেছে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিমাদ্রি শেখর চক্রবর্তী বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোর পরীক্ষা এ স্থগিতাদেশের আওতাভুক্ত থাকবে না। এসব প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবারের স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী যথাসময়ে ঘোষণা করা হবে।
ক্লাসের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুজাদ্দেদী আলফেছানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আজকের বৃষ্টির কারণে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত-মৈত্রী হলে বিদ্যুৎ ছিল না। তাই তাদের কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল যথারীতি ক্লাস চলবে।"

এর আগে জলাবদ্ধতার কারণে রোববার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়। কয়েকটি বিভাগের ক্লাস বাতিল করা হয়।
শনিবার রাতে থেকে শুরু ভারি বৃষ্টি ফলে এদিন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
টানা বর্ষণে পানি জমে যাওয়ায় এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষক ক্লাব, কেন্দ্রীয় খেলার মাঠ, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, নীলক্ষেত এলাকা, পলাশীর মোড়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত-মৈত্রী ও শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধ অবস্থা দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরা বের হতে পারছিলেন না।