‘পারলে এমবাপেকে ঠেকিয়ে দেখাও’
ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াইকারকে চ্যালেঞ্জ দিলেন ফরাসি মিডফিল্ডার ইউসুফ ফোফানা।
ছন্দে থাকা কিলিয়ান এমবাপেকে আটকানোর কোনো উপায়ই খুঁজে পাচ্ছে না প্রতিপক্ষ। কেউ কেউ মনে করছেন কাজটা করতে পারবেন কেবল কাইল ওয়াকার। এই ইংলিশ ডিফেন্ডার নিজেও আত্মবিশ্বাসী। তাকে কাজটা করে দেখানোর চ্যালেঞ্জ দিলেন ফরাসি মিডফিল্ডার ইউসুফ ফোফানা।
গতি, স্কিল ও কার্যকারিতা মিলিয়ে এই মুহূর্তে এমবাপের মতো ‘কমপ্লিট’ ফুটবলার আছেন খুব কমই। ক্লাব বা জাতীয় দল যেখানেই হোক না কেন, ফরাসি ফরোয়ার্ড সব জায়গাতেই আছেন দুর্দান্ত ছন্দে। ফোফানা মনে করেন, তাকে থামাতে ওয়াকারকে এমন কিছু করে দেখাতে হবে যা আগে কেউই পারেনি।
সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী শনিবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। এই ম্যাচের আগে ঘুরেফিরে আলোচনায় উঠে আসছে এমবাপের নাম। আর হবেই বা না কেন, সময়ের সেরা ফুটবলারদের একজন এই পিএসজি তারকা যে আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত আসরে সর্বোচ্চ পাঁচ গোল করে শিরোপাধারীদের টানছেন সামনে থেকে।
১৯৬৬ সালে নিজেদের একমাত্র বিশ্বকাপ জেতা ইংল্যান্ডে সেমি-ফাইনালে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হতে পারেন এমবাপেই। কেবল বিশ্বকাপেই নয়, ক্লাব ফুটবলেও চলতি মৌসুমে দারুণ খেলছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। বৈশ্বিক আসরের বিরতির আগ পর্যন্ত লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোল তার।
ফরাসি মিডফিল্ডার ফোফানা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, অপ্রতিরোধ্য এমবাপের উপর আস্থা রাখছেন তারা।
“কিলিয়ানকে (এমবাপে) যদি ওয়াকার আটকাতে পারে, তাহলে তার জন্য ভালো। কিন্তু লিগ ওয়ানের অন্য ১৯টি দল এবং চ্যাম্পিয়ন্স লিগের দলগুলো এই সমাধানের জন্য অপেক্ষা করছে। মাঠেই সত্যটা বেরিয়ে আসবে। কিলিয়ানের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।”
“কিলিয়ান সংবাদপত্র পড়ে না, আপনাদের জন্য দুঃখিত! আপনারা যা লেখেন তা সে পড়ে না, সে তার খেলায় মনোনিবেশ করে। দলের জন্য কী করতে হবে এবং তাকে কী করতে হবে সেদিকে সে মনোনিবেশ করে। আমার মনে হয় সে খুব শান্ত ও দৃঢ়প্রতিজ্ঞ।”
