সেমি-ফাইনালে অনিশ্চিত ফ্রান্সের রাবিও ও উপেমেকানো
ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন দুই ফরাসি ফুটবলার।
বিশ্বকাপের সেমি-ফাইনালের লড়াইয়ে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে সংশয়ে আছে ফ্রান্স। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার দলীয় অনুশীলনে অনুপস্থিত ছিলেন মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও ও ডিফেন্ডার দায়দ উপেমেকানো।
কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে এই দুজনই ছিলেন শুরুর একাদশে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে বুধবার মাঠে নামবে দিদিয়ে দেশমের দল। সোমবারও দলের অনুশীলনে ছিলেন না উপেমেকানো।
ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, এই দুজন ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন এবং তারা ইনডোরে হালকা অনুশীলন করেছেন।
শেষ পর্যন্ত এই দুজন যদি খেলতে না পারেন, তাহলে রাবিওর জায়গায় সুযোগ পেতে পারেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার ইউসুফ ফোফানা। আর সেন্টার-ব্যাক হিসেবে উপেমেকানোর জায়গায় খেলতে পারেন লিভারপুলের ইব্রাহিমা কোনাতে।
