Published : 12 Dec 2022, 09:15 PM
কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত দারুণ সব নৈপুণ্যে পার্থক্য গড়ে দিচ্ছেন লিওনেল মেসি। ফুটবলের এই মহাতারকা সেরা ছন্দে থাকলে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তা অতীতেও দেখা গেছে। আর্জেন্টিনার বিপক্ষে সেমি-ফাইনালের আগে ক্রোয়েশিয়াকে তাই সতর্ক করে দিলেন দেশটির সাবেক মিফফিল্ডার রবের্ত প্রসিনেচকি।
তবে, মেসির ওপর যে অনেক চাপ থাকবে, সেটিও মনে করিয়ে দেন রিয়াল মাদিদ ও বার্সেলোনার সাবেক এই ফুটবলার।
এই নিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয়বার বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলবে ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে প্রথমবার শেষ চারে খেলা দলের সদস্য প্রসিনেচকি আসছে লড়াইয়ে আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন। তবে রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ক্রোয়েশিয়ার হারিয়ে দেওয়ার স্মৃতি মনে করে সুপার দেপোর্তিভো রেডিওর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, এবারও যেকোনো কিছু হতে পারে।
“আমরা সবাই জানি, মেসি যদি সেরা ছন্দে থাকে তাহলে (তাদের হারানো) অসম্ভব হবে। তবে আমরা এটাও জানি, ইতোমধ্যে আমরা মাঠে মেসির উপস্থিতিতে আর্জেন্টিনাকে হারিয়েছি। জানি, আমরা পারি। আমরা মনে করি, বিশ্বকাপ জয়ের জন্য অনেক চাপ আছে মেসির ওপর।”

“আর্জেন্টিনা ফেভারিট। তবে ক্রোয়েশিয়াকে নিয়ে আগে থেকে কিছু বলা যাবে না: তারা যে কারও কাছে হারতে পারে, আবার যে কাউকে হারাতেও পারে। খুব উপভোগ্য একটা ম্যাচ হবে। আমরা জানি, আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়ন হয়নি। আমরা এটাও জানি, বিশ্বকাপে এটিই হতে পারে মেসির শেষ ম্যাচ।”
অর্জনে ভরপুর ক্যারিয়ারে শুধু বিশ্বকাপটাই এখনও জেতা হয়নি মেসির। ১৯৮৬ সালের পর আর বিশ্ব মঞ্চে শিরোপার স্বাদ পায়নি আর্জেন্টিনা। এবারও মেসিকে ঘিরেই তারা দীর্ঘ খরা কাটানোর স্বপ্ন দেখছে। বিশ্বকাপ জয় মেসির প্রাপ্য বলে মনে করেন ৫৩ বছর বয়সী প্রসিনেচকি।
“সর্বকালের সেরা খেলোয়াড় সে, কিন্তু আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততে পারেনি। দেশের স্বপ্নপূরণে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ। (লুকা) মদ্রিচের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে না দেখা ফুটবলের জন্য অন্যায় হবে৷ এটি তার প্রাপ্য। কিন্তু আমরা এটাও জানি, ফুটবল প্রায়ই ন্যায্য নয়। নিশ্চয় সে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অনেকবার দেখেছে। এই ট্রফি আর্জেন্টিনা ও তার নিজের ক্যারিয়ারে অনেক অর্থ বহন করে।”