৭ গোলের রোমাঞ্চে আতলেতিকোর বিপক্ষে ‘ঐতিহাসিক’ জয়ের আনন্দ জিরোনার
প্রথমবারের মতো আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে জিরোনা, বিফলে গেছে আলভারো মোরাতার হ্যাটট্রিক।
চার মিনিট যোগ করা সময়ের খেলা চলছিল। সতীর্থের পাসটা যখন বক্সের বাইরে পেলেন ইভান মার্তিন, তাকে ঘিরে প্রতিপক্ষের চার-পাঁচ জন খেলোয়াড়। জটলার ভেতর থেকেই বাঁ পায়ের চমৎকার শটে ওপরের কোণা দিয়ে বল জালে পাঠালেন জিরোনার এই মিডফিল্ডার। আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়দের মাথায় হাত, জিরোনা শিবিরে আতলেতিকোর বিপক্ষে প্রথম জয়ের উৎসব। এমন দুর্দান্ত সাফল্যের পরও জিরোনা কোচ মিচেল পা মাটিতেই রাখছেন। এখনই অনেক বড় কোনো স্বপ্নের কথা অন্তত মুখে আনছেন না তিনি।
লা লিগায় বুধবার রাতে ঘরের মাঠে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে জিরোনা। বিফলে গেছে আতলেতিকোর হয়ে আলভারো মোরাতার হ্যাটট্রিক।
৭ গোলের ৫টিই হয় প্রথমার্ধে। দ্বিতীয় মিনিটে জিরোনা এগিয়ে যাওয়ার পর চতুর্দশ মিনিটে সমতা টানে আতলেতিকো। ২৬তম মিনিটে আবার লিড নেয় স্বাগতিকরা। ৩৯তম মিনিটে ব্যবধান বাড়ে।
তবে প্রথমার্ধের শেষে ও দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন মোরাতা। ম্যাচে ফেরে ৩-৩ সমতা। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্তিনের চমৎকার ওই গোল এবং জিরোনার জয়োল্লাস।
দিনের আগের ম্যাচে মায়োর্কাকে হারিয়ে জিরোনার চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করে রেয়াল মাদ্রিদ। আতলেতিকোকে হারিয়ে ফের কার্লো আনচেলত্তির দলকে ধরে ফেলেছে জিরোনা। ১৯ ম্যাচে দুই দলের সমান ৪৮ পয়েন্ট, গোল পার্থক্যে চূড়ায় রেয়াল।
আতলেতিকোর বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন জিরোনার কোচ মিচেল। তবে লিগ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নে যথারীতি তার মুখে কুলুপ।
"এটা (লা লিগা জেতা) আমাদের লক্ষ্য নয়। প্রথমে একেকটি ম্যাচ ধরে ভাবতে হবে এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় পৌঁছাতে হবে, যা এই ক্লাবের জন্য ইতিহাস তৈরি করবে। আজ সত্যিই দুর্দান্ত ম্যাচ ছিল, কঠিন ম্যাচ ছিল। আতলেতিকোও ভালো খেলেছে।”
"আমাদের স্বপ্ন ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা, আমরা রেয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে পারব না। বড় দলের সঙ্গে পয়েন্টের সমতায় থাকা খুবই কঠিন।”
শেষ সময়ে দলের জয়সূচক গোলটি করতে পেরে উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী মার্তিন।
“গোলটি করতে পেরে আমি ভাগ্যবান। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। দ্বিতীয় বিভাগে থাকার সময় থেকে আমরা দারুণ কাজ করছি। যেভাবে খেলছি, তাতে আমি খুশি।”
ক্লাব ইতিহাসে এই নিয়ে স্রেফ চতুর্থবার লা লিগায় খেলছে জিরোনা। আগে কখনও ১০ নম্বরের চেয়ে ভালো অবস্থানে থেকে লিগ শেষ করতে পারেনি দলটি। তিন বছর পর গত মৌসুমে স্পেনের শীর্ষে লিগে ফিরে দশম হয় তারা।
সেই দলটিই চলতি মৌসুমে একের পর এক চমক জাগানিয়া পারফরম্যান্সে মনোযোগ কেড়ে নিয়েছে সবার। আসরে এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচে তারা হেরেছে, রেয়ালের বিপক্ষে।
