২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনরিকের কাছে ‘মিলান-ধাঁধার’ সমাধান এমবাপের গোল

পিএসজি কোচ মনে করেন, প্রথম গোলের পর পাল্টে যায় খেলার গতিপথ।

স্পোর্টস ডেস্ক

Published : 26 Oct 2023, 03:13 PM

Updated : 26 Oct 2023, 03:13 PM

এসি মিলান ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ- মাঠের লড়াইয়ে নামার আগে বলেছিলেন লুইস এনরিকে। গুরুত্বপূর্ণ সে লড়াই জয়ের পর পিএসজি কোচ জানালেন, সাদামাটা শুরুর পর তারা যেন আটকে যাচ্ছিলেন প্রতিপক্ষের চালে। সেখান থেকে কিলিয়ান এমবাপের প্রথম গোলটিই তাদেরকে সেরাটা মেলে ধরার মঞ্চ তৈরি করে দিয়েছিল।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার নিজেদের মাঠে ৩-০ গোলে হারায় পিএসজি। এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রন্দাল কোলো মুয়ানি। শেষ দিকে জালের দেখা পান লি কাং-লি।

৩২তম মিনিটে কাছের পোস্ট দিয়ে এমবাপে লক্ষ্যভেদ করার পর পিএসজি ম্যাচে চালকের আসনে বসে। ম্যাচ শেষের কানাল প্লাসকে দেওয়া প্রতিক্রিয়ায় ফরাসি ফরোয়ার্ডের গোলটি নিয়ে আলাদাভাবে কথা বলেন এনরিকে। প্রশংসা করেন দারুণ শুরু করা মিলানেরও।

“যদি ম্যাচটি আপনাকে বিশ্লেষণ করতে হয়…আমি মনে করি, শুরুতে মিলান আমাদের চেয়ে ভালো ছিল। সমাধান খুঁজে পাচ্ছিলাম না আমরা। কিন্তু (এমবাপের) গোলের পর আমরা নিজেদেরকে কিছুটা স্বাধীনতা নিয়ে খেলতে পারলাম এবং দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে ভালো খেললাম।”

ইউরোপ সেরা আসরে সাতবার শিরোপা জেতা মিলানের বিপক্ষে দারুণ আলো ছড়িয়েছেন ওয়ারেন জাইরে-এমেরি। ১৭ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডারের মনে হচ্ছে দলীয় প্রচেষ্টার পথ ধরে এসেছে দারুণ জয়।

“এটা দলীয় প্রচেষ্টার ফল। আমরা একসঙ্গে খেলাটা উপভোগ করি। আমরা একটা দল হয়ে খেলি; সতীর্থদের জন্য চেষ্টা করি (কিছু করার) এবং এভাবেই কাজগুলো করি আমরা।”

ব্যবধান দ্বিগুণ করা মুয়ানি মিলানের বিপক্ষে জয় থেকে খুঁজে নিতে চাইছেন সামনের পথচলার আত্মবিশ্বাস।

“আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলাম এবং জিততে চেয়েছিলাম। নিঃসন্দেহে বিরতির পর নিজেদের মেলে ধরতে পেরেছিলাম আমরা। সামনের ম্যাচগুলোর জন্য এই জয় আমাদের আত্মবিশ্বাস দেবে।”

তিন রাউন্ড শেষে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে পিএসজি। এখনও জয় না পাওয়া মিলান ২ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। গ্রুপ পর্বে পরের ম্যাচে ফের মিলানের বিপক্ষেই খেলবে পিএসজি; ফিরতি লেগ সান সিরোতে।

সমান ৪ পয়েন্ট হলেও নিউক্যাসল ইউনাইটেডের চেয়ে এগিয়ে তিনে আছে বরুশিয়া ডর্টমুন্ড।